সীমিত ওভারের সিরিজের আগে দুশ্চিন্তায় পড়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে পাচ্ছে না দলের দুই ক্রিকেটারকে। ইনজুরির কারণে সাদা বলের দুটি সিরিজ থেকেই বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার জেরাল্ড কোয়েটজি। তার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে দর্শক হয়ে গেছেন তরুণ পেসার কোয়েনা মাফাকাও।
পচেফস্ট্রুমে নর্থ ওয়েস্টের বিপক্ষে সিএসএ চার দিনের সিরিজ ডিভিশন-১-এর ম্যাচে খেলতে গিয়ে চোট পান কোয়েটজি। ম্যাচটিতে ৪৭ বলে ৫৭ রানের ইনিংস খেলার সঙ্গে ১৫ ওভার বল করে দুটি উইকেট নেন। তবে ফলোঅনের পর নর্থ ওয়েস্টের দ্বিতীয় ইনিংসে আর বল করেননি এই অলরাউন্ডার।
অন্যদিকে ডান হ্যামস্ট্রিংয়ের ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় অনুশীলনের সময় ফের বিপত্তির মুখে পড়েন মাফাকা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়েও তার খেলার কথা ছিল, তবে সেখান থেকেও বাদ পড়েছেন তিনি।
দুই পেসারের ছিটকে যাওয়ায় স্কোয়াডে একাধিক বদল এনেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি ফাস্ট-বোলিং অলরাউন্ডার টিয়ান ভ্যান ভুরেন। ২৬টি লিস্ট ‘এ’ ম্যাচে তার বোলিং গড় ২৫.৫৭। আর টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সি ব্যাটার জে জে ব্যাসন ও ইথান বোস।
চোটের ধাক্কা সামলে নতুনদের নিয়ে বাংলাদেশ সিরিজে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত এখন দক্ষিণ আফ্রিকা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

