‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’, বক্তব্যের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’, বক্তব্যের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

রংপুরের গঙ্গাচড়ায় সংসদ সদস্য রায়হান সিরাজীর ‘আমাকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না’—এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা বিএনপি। একই সঙ্গে সংসদ সদস্যকে তার বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দলটি। অন্যথায় গঙ্গাচড়ার রাজনৈতিক ঐক্য নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত ৭টায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী। এ সময় উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আইয়ুব আলী বলেন, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী সাম্প্রতিক সময়ে বেশ কিছু বক্তব্য দিয়েছেন। গত বুধবার তার দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উন্নয়নকাজের উদ্বোধন প্রসঙ্গে আইয়ুব আলী বলেন, রংপুর-১ আসনের জন্য একজন নারী সংসদ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও রয়েছেন। যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য ও মন্ত্রীর তদারকি থাকে। মন্ত্রী, সংসদ সদস্য ও বিএনপির নেতৃবৃন্দের প্রচেষ্টায় যেসব উন্নয়নকাজ আসবে, সেগুলো তারাই উদ্বোধন করবেন।

তিনি বলেন, রায়হান সিরাজী বিরোধী দলের সংসদ সদস্য। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সংসদ সদস্য কোনো উন্নয়নকাজ উদ্বোধন করলে সেখানে রায়হান সিরাজীও থাকবেন। তবে এককভাবে উদ্বোধনের কোনো সুযোগ নেই। উপজেলা পরিষদের কোনো কাজ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদ্বোধন করতে চাইলে সংসদ সদস্যকে আমন্ত্রণ জানাতে পারেন। এ ক্ষেত্রে সরকারি দলের নেতৃবৃন্দকেও সঙ্গে রাখতে হবে।

আইয়ুব আলী আরও বলেন, সরকারি উন্নয়নমূলক কাজে কেউ বাধা সৃষ্টি করলে অবশ্যই প্রতিরোধ করা হবে। সংসদ সদস্যের ‘আমাকে ছাড়া উদ্বোধন করা যাবে না’ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি অবিলম্বে এ বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করবেন বলে আশা করছি। অন্যথায় গঙ্গাচড়ার রাজনৈতিক ঐক্য নষ্ট হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক গোলাম রঞ্জু, উপজেলা ছাত্রদলের সভাপতি তিতাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া মহিলা দলের নেত্রী এবং বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার দৈনিক আমার দেশ অনলাইনে ‘এমপিকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না: রায়হান সিরাজী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই দিন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, তাকে ছাড়া গঙ্গাচড়ায় কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি নিশ্চিত করার কথাও বলেন তিনি।

দৈনিক আমার দেশ অনলাইনে সংবাদটি প্রকাশের পরদিনই সংবাদ সম্মেলন করে সংসদ সদস্যের ওই বক্তব্যের প্রতিবাদ জানায় উপজেলা বিএনপি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...