দুপুরের তপ্ত গরমে বিকেএসপির তিন নম্বর মাঠ ঘেঁষে হাতেগোনা কজন দর্শক দাঁড়িয়ে উপভোগ করছিলেন তামিম ইকবালের ব্যাটিং। ততক্ষণে চার নম্বর মাঠে প্রাইম ব্যাংক ও লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচ শেষ হওয়ায় সবাই দেখছিলেন মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়নের লড়াই। তখনই মাঠ ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক দর্শক বলে উঠলেন- ‘আজকেও (গতকাল) তামিম একটা সেঞ্চুরি করুক’। সেন্টার উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে ব্যাটিং করা তামিম দর্শকের বলা ওই কথা শোনেননি। তবে দর্শকের চাওয়াটা ঠিকই পূর্ণ করেছেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে তার ২৪তম সেঞ্চুরিতে ভর করে ব্রাদার্সের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে মোহামেডান। এ নিয়ে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে মোহামেডানকে জয় এনে দিলেন কাপ্তান তামিম।
বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নেমে তারকায় ঠাসা মোহামেডানের সামনে কোনোভাবেই প্রতিরোধ গড়তে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। সাদা-কালো শিবিরের তাইজুল ইসলাম-আবু হায়দার রনিরা নিয়মিত বিরতিতে নিয়েছেন উইকেট। তাতে ৪৮.২ ওভারে মাত্র ১৮৭ রানে অলআউট হয় ব্রাদার্স ইউনিয়ন। তাইজুল ইসলাম ৩১ রানে ৪ ও রনি ২৪ রানে নেন তিন উইকেট। ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ ৪৩ রান আসে ইমতিয়াজ হোসেন তান্নার ব্যাটে।
১৮৮ রানের এই লক্ষ্য যে মোহামেডানের জন্য মামুলি হয়ে দাঁড়াবে- সেটা স্পষ্ট দুই দলের শক্তিমত্তার বিচারেই। এই লক্ষ্য তাড়া করতে নেমে মোহামেডান নিজেদের ওপেনিংয়ে আনে পরিবর্তন। রনি তালুকদারের পরিবর্তে ওপেনিংয়ে নামেন মেহেদি হাসান মিরাজ। তামিমের সঙ্গে জুটি বাঁধা এই অলরাউন্ডার প্যাভিলিয়নে ফেরেন প্রথম ওভারের শেষ বলেই। এরপর আর কোনো উইকেট হারায়নি মোহামেডান। মাহিদুল ইসলাম অঙ্কনকে সঙ্গে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তামিম। তার ব্যাটে আসে ৯৫ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংস। অঙ্কন করেন ৯৬ বলে ৭৫ রান।
বিকেএসপির চার নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ ছিল প্রাইম ব্যাংক। দুদলের সাম্প্রতিক পারফরম্যান্স আভাস দিচ্ছিল লড়াইটা হবে জমজমাট। তবে সেটা আর হলো কই! রূপগঞ্জের পার্ট-টাইম স্পিনার সাইফ হাসানের বোলিং তোপে মাত্র ১৫২ রানে অলআউট প্রাইম ব্যাংক। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান আসে ওপেনার নাঈম শেখের ব্যাটে। সাইফ হাসান ৩৭ রানে নেন ৪ উইকেট। ছোট লক্ষ্যের জবাবে তানজিদ তামিমের ৪৯ বলে ৬৮ ও সৌম্য সরকারের ৪০ বলে ৫০ রানে ভর করে ২৩.২ ওভারে জয় নিশ্চিত করে রূপগঞ্জ। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রূপগঞ্জ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

