পাকিস্তানে ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণ, নিহত ১

পাকিস্তানে ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণ, নিহত ১

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে মাঠে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে বিস্ফোরণের এ ঘটনায় ১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম।

শনিবার খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলার খার তেহসিল এলাকার কাউসার ক্রিকেট গ্রাউন্ডে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।।বিস্ফোরণের পর ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। আহত হন কয়েকজন, যাদের মধ্যে শিশুও রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক জানিয়েছেন, আইইডির (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা তাৎক্ষণিক উদ্ভাবিত বিস্ফোরক) মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তার দাবি, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই হামলা চালানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কাউসার ক্রিকেট গ্রাউন্ডে বিস্ফোরণের পর আকাশ ধোঁয়ায় ছেয়ে গেছে। মানুষ এদিক-ওদিক ছোটাছুটি করছেন।

উল্লেখ্য, গত জুলাই থেকে খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলায় পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে, যার নাম দেওয়া হয়েছে অপারেশন সরবকাফ। ধারণা করা হচ্ছে, পাল্টা জবাব দিতেই জেলার বিভিন্ন জায়গায় হামলা চালানো হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন