৩৩তম ওভারের শেষ বল। ডাউন দ্য উইকেটে এসে সালমান আলী আগাকে উড়িয়ে মাঠের বাইরে পাঠিয়ে নিজেও উড়লেন তানজিদ হাসান তামিম; ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করার আনন্দে। ৯৮ বলে ৬ চার ও ৭ ছক্কার মারে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন বাংলাদেশি ব্যাটার। ওয়ানডে ক্যারিয়ারের ৩১তম ম্যাচে এসে সেঞ্চুরির দেখা পেলেন এই বাঁহাতি। এর আগে তার ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ১০৩ বলে ১০৫ রানে অপরাজিত রয়েছেন তানজিদ তামিম। তার সঙ্গী লিটন দাস ১৮ বলে ৮ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই শতরান তুলে নেয় বাংলাদেশ। ইনিংসের ১৯তম ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে সাইফ হাসান বোল্ড হলে ভাঙে ১০৫ রানের জুটি। ৫৫ বলের ৩ চারের মারে ৩৬ রান করেন সাইফ।
দ্বিতীয় উইকেটে তানজিদ তামিমের সঙ্গে ৫৩ রানের জুুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। ৩৪ বলে ৩ চারের মারে ২৭ রান করে তিনি হারিস রউফের বলে এলবিডব্লিউ হন। আপাতত লিটনকে নিয়ে বাংলাদেশকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছেন তানজিদ তামিম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

