দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দলের বিপক্ষে সিরিজের প্রথম একদিনের ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো তাদের। প্রোটিয়াদের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ নারী দল। ৪৭.৫ ওভারে ১৭৯ রানে অলআউট হয় স্বাগতিকরা। ৫২ রানের ইনিংস খেলেন সুমাইয়া আক্তার। এছাড়া শারমিন সুলতানা ৩৪ ও ইসমা তানজিমের অবদান ২৯ রান। ৩২ রানে ৩ উইকেট নেন ডেলমারি টাকার। হুমেলা জাফটা নেন ২ উইকেট।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। দলীয় ২৪ রানে তৃতীয় উইকেট হারায় সফরকারী দল। টাকার প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন। কিন্তু ব্যক্তিগত ২৪ রানে ফেরেন তিনি। তার বিদায়ের কিছুক্ষণ পর ফিরে যান ভেরুননিসা রেড্ডি। তাতেই ৮৪ রানে ইনিংসের অর্ধেক হারায় দক্ষিণ আফ্রিকা। তখন মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকার জন্য হার কেবল সময়ের ব্যবধান। তবে দারুণ ব্যাটিংয়ে চিত্র বদলে দেন ফায়ে টানিক্লিফ ও মারি মার্কস। ষষ্ঠ উইকেটে নিরবচ্ছিন্ন ৯৬ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন তারা। টানিক্লিফ ৮৯ ও মার্কস ৫০ রানে অপরাজিত থাকেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

