চ্যাম্পিয়নস ট্রফি

ভারতই গ্রুপসেরা, সেমিতে দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে

ভারতই গ্রুপসেরা, সেমিতে দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে

রান তাড়ায় নেমে ঝলক দেখালেন কেন উইলিয়ামসন। দিলেন সেঞ্চুরির আভাস। কিন্তু লাভ হলো না। মিস করলেন জাদুকরী তিন অঙ্ক। সাবেক অধিনায়কের মতো ব্যর্থ হলো তার দল নিউজিল্যান্ডও। ভারতের কাছে ৪৪ রানে হেরে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব শেষ করল কিউইরা। দারুণ এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে নাম লিখল রোহিত শর্মারা। আর চার পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে নিউজিল্যান্ড। সেমির টিকিট আগেই নিশ্চিত করে রেখেছিল দুদল। শেষ চারে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর ফাইনালে উঠার লড়াইয়ে নিউজিল্যান্ড মোকাবিলা করবে দক্ষিণ আফ্রিকাকে।

উইলিয়ামসন ১২০ বলে খেলেন ৮১ রানের দাপুটে ইনিংস। তাতে ছিল ৭ বাউন্ডারির মার। বাকি ব্যাটাররা জ্বলে উঠতে না পারায় ২০৫ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ম্যাচসেরা বরুণ চক্রবর্তী একাই শিকার করেন পাঁচ উইকেট। তার আগে বোলিংয়ে ফাইফারের দেখা পেয়েছিলেন ম্যাট হেনরিও। কিন্তু শেষ হাসি হাসতে পারলেন না।

বিজ্ঞাপন

তার আগে স্কোরবোর্ডে ২৪৯ রান জড়ো করে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রাহুল দ্রাবিড়ের শিষ্যদের।

দলীয় ৩০ রানে শুভমান গিল, রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট হারায় তারা। এই তিনজনের ব্যাট থেকে আসে যথাক্রমে ২, ১৫ ও ১১ রান। শুরুর ধাক্কা কাটিয়ে পরের সারির ৪ ব্যাটারের কল্যাণে লড়াকু পুঁজি পায় টিম ইন্ডিয়া।

৯৮ বলে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেন শ্রেয়াশ আইয়ার। ৪৫ রান করেন হার্দিক পান্ডিয়া। অক্ষর প্যাটেলের অবদান ৪২ রান। লোকেশ রাহুল এনে দেন ২৩ রান। এছাড়া রবীন্দ্র জাদেজা করেন ১৬ রান। নিউজিল্যান্ডের হয়ে দারুণ বোলিংয়ে ৫ উইকেট নেন ম্যাট হেনরি। ৮ ওভারে এই পেসারের খরচ ৪২ রান।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত ২৪৯/৯, ৫০ ওভার (আইয়ার ৭৯, অক্ষর ৪২, রাহুল ২৩, পান্ডিয়া ৪৫, জাদেজা ১৬; হেনরি ৫/৪২)।

নিউজিল্যান্ড: ২০৫/১০, ৪৫.৩ ওভার (উইলিয়ামসন ৮১, স্যান্টনার ২৮, ইয়াং ২২, মিচেল ১৭; বরুণ ৫/৪২ ও পান্ডিয়া ১/২২)।

ফল: ভারত ৪৪ রানে জয়ী।

ম্যাচসেরা: বরুণ চক্রবর্তী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন