ইংল্যান্ডের ‘বাজবল’ থামিয়ে ভারতের লিড

ইংল্যান্ডের ‘বাজবল’ থামিয়ে ভারতের লিড

ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় বেশ কয়েকবার টিভি ক্যামেরা ড্রেসিংরুমের ওপর জুম করে। সেখানে বসেছিলেন টেস্ট দলের কোচ, ব্রেন্ডন ম্যাককালাম। টেস্ট ম্যাচে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ঘরানার ব্যাটিংয়ের কৌশলের জনক যে তিনিই; ক্রিকেট মহলে যা বাজবল ক্রিকেট নামে পরিচিত। ওভালে ভারতের ২২৪ রানের জবাবে ইংল্যান্ড জবাবি ইনিংসে সেই বাজবল ক্রিকেটের প্রদর্শনই দেখায়। তবে সেটা শেষপর্যন্ত ধরে রাখতে পারেনি ইংলিশরা। মারমার কাটকাট ভঙ্গিতে ব্যাটিং করতে গিয়ে প্রথম ইনিংসে ২৪৭ রানেই গুটিয়ে গেছে ওলি পোপের দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। তারা এগিয়ে ৫২ রানে। ক্রিজে আছেন যশস্বী জয়সওয়াল (৫১*) ও আকাশ দীপ (৪*)।

ডিফেন্সের কোনো বালাই নেই। বল মানেই হলো পেটানোর বস্তু; সেই তাগিদ নিয়ে ব্যাট চালানো। চোখের পলকেই দেখা গেল ইংল্যান্ডের স্কোরবোর্ডে রান হয়ে গেছে ৫০, মাত্র ৬.৬ ওভারে। ১৪.৪ ওভারে রান পৌঁছে গেল ১০০ রানে। রানরেট ৬.৯৪! ১ উইকেটে ১০৯ রান নিয়ে লাঞ্চে গেল ইংল্যান্ড। ওপেনার ক্রলি ৪২ বলে হাফসেঞ্চুরি তুলে নেন। শুভমান গিলের চিন্তা বাড়িয়ে ১২৯ রানের মাথায় ক্রলি ৫৭ বলে ৬৪ রানে ফিরে গেলে ইংল্যান্ডের রান তোলার গতি কিছুটা কমে।

এই টেস্টের অধিনায়ক ওলিও পোপ ও ইনফর্ম ব্যাটার জো রুটকে পেসার মোহাম্মদ সিরাজ বিদায় করার পর ভারত শিবিরে যেন খানিকটা স্বস্তি ফিরে। ৩৩ ওভারে ১৭৫ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ড অবশ্য ততক্ষণে এগিয়ে যাওয়ার সাহসটুকু পেয়ে গেছে। পুরোটা সময় ইংল্যান্ডের রানরেট থাকে পাঁচের ওপর। কিন্তু শেষদিকের পাঁচ ব্যাটার দুই অঙ্কের ঘর পার করতে না পারায় ভারতের ইনিংস থেকে মাত্র ২৩ রানে এগিয়ে ২৪৭ রানে থামে ইংলিশরা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন জয়সওয়াল ও রাহুল। রাহুল ৭ রানে ফিরে গেলে ভাঙ্গে এই জুটি। এরপর ফিরে যান সাই সুদর্শনও (১১)। এর আগে করুন নায়ারের ৫৭ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ২২৪ রান তোলে ভারত। ইংল্যান্ডের হয়ে গাস অ্যাটকিনসন নেন ৩৩ রানে ৫ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)
ভারত : প্রথম ইনিংসে ৬৯.৪ ওভারে ২২৪/১০ এবং দ্বিতীয় ইনিংসে ১৮ ওভারে ৭৫/২ (জয়সওয়াল ৫১*, সুদর্শন ১১, রাহুল ৭; টং ১/২৫, অ্যাটকিনসন ১/২৬)
ইংল্যান্ড : প্রথম ইনিংসে ৫১.২ ওভারে ২৪৭/১০ (ক্রলি ৬৪, ব্রুক ৫৩, ডাকেট ৪৩, রুট ২৯, পোপ ২২; কৃষ্ণা ৪/৬২, সিরাজ ৪/৮৬)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন