ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আর্থিক দিক থেকে মাঝারি মানের দলগুলোর প্রতি উদাসীন। ক্রিকেটের মোড়ল দেশগুলোই বরং বেশি সুবিধা পেয়ে থাকে। এ দিকটা চোখে পড়েছে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের। তিনি মনে করেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর আরো বেশি টাকা পাওয়া উচিত। আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থে সব দলেরই লভ্যাংশ সুষম বণ্টন থাকা দরকার।
‘স্টিক টু ক্রিকেট’ নামের একটি পডকাস্টে এসব কথা বলেন ভন। সেখানে উপস্থিত ছিলেন বৈঠকে ছিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ভন, অ্যালিস্টার কুক, ডেভিড লয়েড ও ফিল টাফনেল এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার লারা। এদের মধ্যে লারা ও লয়েড ভনের কথার সঙ্গে সহমত পোষণ করেন।
ভনের ভাষ্য, ‘ক্রিকেটের টাকা-পয়সা সুষম বণ্টন না হওয়ার দিকটা বাজে লাগে। আইসিসির অনেক টাকা আছে। আমি বলছি না যে সবাই একদম সমানে সমান টাকা পাক। তবে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মতো দলগুলোর ভাগের টাকা আরো বেশি পাওয়া উচিত। একটা ভালো অঙ্কের অর্থ পেলে এই খেলোয়াড়রা জাতীয় দলের হয়ে আরো বেশি দিন খেলবেন।’
আইসিসির আর্থিক বরাদ্দের দিকে তাকালে দেখা যায়, ২০২৩ সালের জুলাইয়ে আইসিসি বোর্ড সভায় ২০২৪-২৭ চক্রের লভ্যাংশ ভাগাভাগির যে মডেল অনুমোদন করা হয়, তাতে সবচেয়ে বেশি ৩৮ দশমিক ৫০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে ভারতের জন্য। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৬ দশমিক ৮৯ শতাংশ পাবে ইংল্যান্ড।
তৃতীয় সর্বোচ্চ ৬ দশমিক ২৫ শতাংশ অস্ট্রেলিয়ার। পাকিস্তান পাবে চতুর্থ সর্বোচ্চ ৫ দশমিক ৭৫ শতাংশ। বাকি দেশগুলো লভ্যাংশ ৫ শতাংশেরও কম। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, ২০২৪-২৭ চক্রে বাংলাদেশ আইসিসির লভ্যাংশের ৪ দশমিক ৪৬ শতাংশ পাচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

