এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের পুরুষ দ্বৈত ইভেন্টে স্বর্ণপদক পেয়েছেন ইন্দোনেশিয়ার তারকা জুটি লিও রোলি কার্নান্দো এবং ড্যানিয়েল মারথিন। জাপানের আইচি প্রিফেকচারের ইচিনোমিয়া শহরে ফাইনালে ইন্দোনেশিয়ার এই জুটি চীনের শক্তিশালী জুটি লিয়াং ওয়েইকেন এবং ওয়াং চাংয়ের মুখোমুখি হন। প্রথম গেমে ১৯-২১ পয়েন্টে পিছিয়ে পড়লেও দুর্দান্ত লড়াই করে পরের দুটি গেমে ২১-১৩ ও ২১-১৮ ব্যবধানে জয় নিশ্চিত করেন লিও ও ড্যানিয়েল।
ম্যাচ শেষে ড্যানিয়েল মারথিন বলেন, ‘আমরা পুরো ম্যাচে নিজেদের মধ্যে কথা বলে উজ্জীবিত রেখেছিলাম। আমরা নিজেদের বলছিলাম—যদি এখন না হয়, তবে কবে? তাই আমরা আমাদের সুযোগটিকে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করেছি।’
শুরুতে হোঁচট খেলেও নিজেদের পরিকল্পনা এবং যোগাযোগ ঠিক রেখে ম্যাচ বের করে আনেন তারা। লিও রোলি কার্নান্দো কোচ, সাপোর্ট স্টাফ এবং সব সমর্থকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সবকিছু আল্লাহর রহমতে ভালোভাবে সম্পন্ন হয়েছে।’
এই জয়ে এবারের এশিয়ান গেমসে ইন্দোনেশিয়া তাদের তৃতীয় স্বর্ণপদক অর্জন করল। এর আগে ব্যাডমিন্টন পুরুষ দলীয় ইভেন্ট এবং ভারোত্তোলনে স্বর্ণ জিতেছিল দেশটি। এই স্বর্ণপদক অর্জনের মধ্য দিয়ে এশিয়ান গেমসে ইন্দোনেশিয়ার মোট পদক সংখ্যা দাঁড়াল ৩০টিতে—যার মধ্যে ৩টি স্বর্ণ, ৭টি রৌপ্য এবং ২০টি ব্রোঞ্জ পদক রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

