ক্লাব বিশ্বকাপ

পিএসজির সামনে আজ অ্যাটলেটিকো

পিএসজির সামনে আজ অ্যাটলেটিকো

নতুনভাবে শুরু হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ। পুনর্গঠিত এ বৈশ্বিক টুর্নামেন্টের অল-ইউরোপিয়ান ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আর অ্যাটলেটিকো মাদ্রিদ। পাসাডেনার রোজ বোলে দুদলের ম্যাচটি শুরু হবে রোববার রাত ১টা। গ্রুপ ‘বি’র দুদলের টুর্নামেন্টে এটি প্রথম ম্যাচ। কোচ লুইস এনরিকের দল ঘরোয়া ও ইউরোপিয়ান ফুটবলে চারটি শিরোপা জিতে পা রেখেছে যুক্তরাষ্ট্রের মাটিতে।

বিজ্ঞাপন

গত মৌসুমে তারা ফরাসি লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ, চ্যাম্পিয়নস ট্রফি ও চ্যাম্পিয়নস লিগের শ্রেষ্ঠত্বের দেখা পেয়েছে। এবার পঞ্চম ট্রফি জয়ের মিশন নিয়ে মাঠে নামতে যাচ্ছে পিএসজি। ফরাসি চ্যাম্পিয়নদের মতো এবার ক্লাব বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকোরও। লড়াইয়ে শেষ হাসি কে, হাসে সেটাই এখন দেখার। সোমবার ভোর ৪টায় ব্রাজিলের পালমেইরাস মুখোমুখি হবে পর্তুগালের পোর্তোর।

নিজেদের নতুন মিশন শুরু করতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। আজ রোববার বাভারিয়ানদের প্রতিপক্ষ অকল্যান্ড সিটি। টিকিউএল স্টেডিয়ামে দুদলের লড়াই মাঠে গড়াবে রাত ১০টায়। জার্মান লিগ বুন্দেসলিগার শিরোপা পুনরুদ্ধার করেই ক্লাব ফুটবলের এ বৈশ্বিক আসরে নাম লিখেছে বায়ার্ন। এ ম্যাচের ফেভারিট দল হিসেবে জয় দিয়েই টুর্নামেন্টে নিজেদের শুরুটা রাঙাতে চাচ্ছে হ্যারি কেইনরা। অন্যদিকে নিউজিল্যান্ডের ন্যাশনাল লিগের তৃতীয় দল হিসেবে ক্লাব বিশ্বকাপে খেলতে যাচ্ছে অকল্যান্ড। তাদের গ্রুপ ‘সি’তে অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে- বেনফিকা ও বোকা জুনিয়র্স।

কোচ ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন মিউনিখের আগে দুবার ক্লাব বিশ্বকাপ জিতেছে। প্রথমবার ২০১৩ সালে। সর্বশেষ জেতে ২০২০ সালে। শিরোপা নির্ধারণী ম্যাচে তারা হারায় রাজা ক্যাসাব্ল্যাঙ্কা ও টাইগার্স ইউএএনএলকে। বিদায়ি মৌসুমে দুর্দান্ত খেলেছে বায়ার্ন। শেষ সাত ম্যাচে হার মানেনি তারা। তবে প্রতিপক্ষের জালে দিয়েছে ২০ গোল। বিপরীতে গোল হজম করেছে ৭টি। ক্লিন শিট ধরে রেখেছে চার ম্যাচে।

মুখোমুখি

বায়ার্ন মিউনিখ-অকল্যান্ড সিটি

পিএসজি-অ্যাটলেটিকো মাদ্রিদ

পালমেইরাস-পোর্তো

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন