ভারতের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টের তৃতীয় দিন শেষেই সেঞ্চুরির আভাস দিয়ে রেখেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। চতুর্থদিনের প্রথম সেশনেই সেঞ্চুরি তুলে ইনিংসের পূর্ণতা দিলেন এই বাঁহাতি। ১৪৬তম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ সিরাজকে বাউন্ডারিতে পাঠিয়ে টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে নিলেন স্টোকস।
টেস্টে স্টোকস সবশেষ সেঞ্চুরি পেয়েছিলেন দুই বছর ২৮ দিন আগে। ২০২৩ সালের ২৮ জুন অ্যাশেজের ম্যাচে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩তম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন স্টোকস। ওই ম্যাচে ১৫৫ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছিলেন। ৭৫৯ দিন পর ফের সেঞ্চুরির দেখা পেলেন ইংলিশ দলপতি। এটি ভারতের বিপক্ষে স্টোকসের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।
তৃতীয় দিন শেষে ৭৭ রানে অপরাজিত ছিলেন স্টোকস। চতুর্থ দিনের শুরু থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে খেলে তিন অংকের ম্যাজিক ফিগারের দেখা পেয়ে যান। ওল্ড ট্র্যাফোর্ডে ১০ ম্যাচ খেলে এটি স্টোকসের তৃতীয় সেঞ্চুরি। এর আগে ২০২০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭৬ ও ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

