চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জেতে ফরচুন বরিশাল। নিজের অধিনায়কত্বে দক্ষিণের ফ্রাঞ্চাইজিটিকে চ্যাম্পিয়ন করার দিনটি আরও একটি কারণে বিশেষ হয়ে থাকল তামিম ইকবালের জন্য। এদিন তাকে বিদায়ী সম্মাননা দেয় বিসিবি। একই সঙ্গে দুটি বিশেষ মুহূর্তের সাক্ষী হওয়ায় স্বাভাবিকভাবেই বেশ আনন্দিত, আবেগাপ্লুত তামিম। জানিয়েছেন, এর চেয়ে বেশি কিছু আশাও করতে পারতেন না তিনি।
সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেন তামিম। দেশের জার্সিতে তার ফেরা না ফেরা নিয়ে অনেক চর্চা ছিল। এরই মধ্যে বিপিএলের ১১তম আসর চলাকালে তামিম জানান, আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না তিনি। তাই বিসিবি ঘোষণা দিয়ে রাখে, বিপিএলের ফাইনালের পর সম্মাননা দেওয়া হবে তামিমকে।
গণমাধ্যমকে তামিম বলেন, 'প্রথমেই ওপর আল্লাহকে ধন্যবাদ যে আমাকে সুযোগটা এমন এক সময়ে দিয়েছেন, যখন ট্রফি জিতেছি। এর চেয়ে বেশি কিছু আমি আশাও করতে পারতাম না। আমি বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। উনারা চাইলে নাও এটার আয়োজন করতে পারতেন। তারপরও উনারা এটার পদক্ষেপ নিয়েছেন। আমি ১৭ বছরের ক্যারিয়ার পার করেছি। এর থেকে বেশি কিছু বলার নেই।'
দলের ভেতরের পরিবেশ নিয়ে তামিম বলেন, 'এটা খুবই স্পেশাল। আমরা টুর্নামেন্টজুড়ে প্রাধান্য বিস্তার করে খেলেছি। যে খেলোয়াড়গুলো দলে আসছেন সবাই সাপোর্ট এবং পারফর্ম করেছেন। আমাদের ফ্রাঞ্চাইজি মালিক দারুণ। উনি আমাকে সবদিক থেকে স্বাধীনতা দিয়ে রেখেছেন। এ জন্য দলের মধ্যে একটা ভালো পরিবেশ তৈরি করতে পেরেছি। যেটা ম্যাচে ভালো করতে সাহায্য করেছে।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

