ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে গুঁড়িয়ে স্টার্কের কীর্তি

ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে গুঁড়িয়ে স্টার্কের কীর্তি

জ্যামাইকা টেস্টে নূন্যতম প্রতিরোধ গড়তে পারল না ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের ১৭৬ রানের হারিয়েছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো প্যাট কামিন্স অ্যান্ড কোং।

জয়-পরাজয় এক পাশে রেখে এই ম্যাচে ব্রিবতকর রেকর্ডের সাক্ষী হয়েছে ক্যারিবিয়ানরা। অস্ট্রেলিয়ার দেওয়া ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪.৩ ওভারে মাত্র ২৭ রানে অলআউট হয়েছে তারা। যেটা টেস্টের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর চেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড আছে কেবল নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে গুটিয়ে গিয়েছিল ব্ল্যাক ক্যাপসরা।

বিজ্ঞাপন

মূলত মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের বোলিং তোপে পড়ে লজ্জার রেকর্ড গড়ে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে তাদের সাত ব্যাটার রানের খাতা খুলতে পারেনি। দশকের ঘরে যেতে পেরেছেন কেবল জাস্টিন গ্রিভস- ১১ রান আসে তার ব্যাট থেকে। সমান ৪ রান করেন মিকাইল লুইস ও আলজারি জোসেফ। এছাড়া ২ রান করেন শাই হোপ।

মাত্র ৯ রানের বিনিময়ে ৬ উইকেট নেন স্টার্ক। বিধ্বংসী বোলিং করার পথে একটি কীর্তি গড়েছেন এই গতি তারকা। টেস্ট ইতিহাসের দ্রুততম সময়ে ৫ উইকেট নেওয়ার রেকর্ড এখন তার দখলে। ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দেওয়ার পথে মাত্র ১৫ বলে ৫ উইকেট নেন স্টার্ক। পেছনে ফেলেছেন এরনিয়ে তোশাককে। ১৯৪৭ সালে ভারতের বিপক্ষে ১৯ বলে ফাইফার নেন তোশাক।

স্টার্কের রেকর্ডগড়া দিনে বোল্যান্ডও কম যাননি। ২ রান খরচায় তার শিকার ৩ উইকেট। ১৪তম ওভারে বোলিংয়ে এসে হ্যাটট্রিক করেন তিনি। সব মিলিয়ে জ্যামাইকা টেস্টের তৃতীয় দিনটা স্মরণীয় করে রাখল অস্ট্রেলিয়া। স্টার্ক, বোল্যান্ডের জন্য দিনটা হয়ে থাকল আরো বেশি স্মরণীয়।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২২৫/১০ ও দ্বিতীয় ইনিংস: ১২১/১০ (৩৬.৬ ওভার); গ্রিন ৪২, হেড ১৬

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৪৩ ও দ্বিতীয় ইনিংস: ২৭/১০ (১৪.৩ ওভার); গ্রিভস ১১, লুইস ৪; স্টার্ক ৯/৬, বোল্যান্ড ৩/২

ফল: অস্ট্রেলিয়া ১৭৬ রানে জয়ী

ম্যাচসেরা: মিচেল স্টার্ক

সিরিজসেরা: মিচেল স্টার্ক

সিরিজ: ৩-০ ব্যবধানে জয়ী অস্ট্রেলিয়া

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন