জুলাই রেভল্যুশন ফেন্সিংয়ে আনসারের শ্রেষ্ঠত্ব

জুলাই রেভল্যুশন ফেন্সিংয়ে আনসারের শ্রেষ্ঠত্ব

দুই দিনব্যাপী জুলাই রেভল্যুশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ শেষ হলো গতকাল। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। প্রথম রানার্সআপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আর দ্বিতীয় রানার্সআপ হয়েছে মিরপুর ফেন্সিং ক্লাব। সর্বোচ্চ পাঁচটি স্বর্ণপদক জিতেছে আনসার।

এছাড়া পাঁচটি রুপা ও ছয়টি ব্রোঞ্জ পদক জিতে তারা। মোট ১৬টি পদক জিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে আনসার। দুটি করে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী ও মিরপুর ফেন্সিং ক্লাব। গতকাল মেয়েদের ফয়েল একক ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন জেসমিন আক্তার জুঁই ও রুপা নাজিরা খাতুন। ব্রোঞ্জ জিতেছেন মেহজাবিন মোস্তফা ও এমিলি রায় ইশা।

বিজ্ঞাপন

অন্যদিকে, মেয়েদের সাবের এককে স্বর্ণপদক জিতেছেন অঞ্জলী গোস্বামী। রুপা জিতেছেন মাহবুবা খাতুন। আর ব্রোঞ্জ জিতেছেন রোকসানা খাতুন ও সুমাইয়া আক্তার মুক্তা। তারা সবাই আনসারের খেলোয়াড়রা। জুলাই রেভল্যুশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবগুলো।

ইপি, সেবার, ফয়েল- এই তিনটি ব্যক্তিগত ইভেন্টে নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ১৭৫ ফেন্সার অংশ নেন। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করেছে সুজুকি মোটর বাইক। মিডিয়া পার্টনার হিসেবে ছিল আমার দেশ। সমাপনী দিন জয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ফেন্সিং ফেডারেশনের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বসুনিয়া এম আশিকুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য রেজাউর রহমান সিনহা, সদস্য শফিকুর রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন