চার বছরের বেশি সময় পর টেস্ট দলে আর্চার

চার বছরের বেশি সময় পর টেস্ট দলে আর্চার

জোফরা আর্চার ইংল্যান্ডের টেস্ট দলে ফিরবেন, এমন সম্ভাবনা কেউ দেখছিলেন না। তবে আর্চার ফিরলেন ঠিকই। সাড়ে চার বছরের বেশি সময় পর ইংল্যান্ডের টেস্ট দলে ফিরলেন এই ফাস্ট বোলার। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে তাকে রেখেছে ইংল্যান্ড।

বিজ্ঞাপন

এজবাস্টনে আগামী বুধবার (২ জুলাই) শুরু হবে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচ দিয়েই ৫২ মাস পর সাদা পোশাকে মাঠে নামতে যাচ্ছেন আর্চার। হেডিংলিতে রান তাড়ায় দারুণ এক জয় তুলে নিয়ে পাঁচ টেস্টের সিরিজে এগিয়ে আছে ইংলিশরা।

আর্চার জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছিলেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে, ভারতের বিপক্ষে আহমেদাবাদে। ১৩ টেস্টের ক্যারিয়ারে ইনজুরির সঙ্গে লড়াই করা আর্চার ভুগছিলেন কনুই ও পিঠের সমস্যায়। একাধিকবার তাকে করাতে হয় অস্ত্রোপচার। এরপর শুরু ফেরার লড়াই।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে সাসেক্সের হয়ে ডারহামের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল বলের ক্রিকেটে ফেরেন আর্চার। ম্যাচের প্রথম দিনে ব্যাট হাতে দশে নেমে ৩১ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় দিন দেখা পান উইকেটের। আর এবার ডাক পেলেন জাতীয় দলে।

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইংলিশদের প্রথম টেস্ট থেকে পরের ম্যাচের দলে পরিবর্তন কেবল এই একটিই, আর্চারের অন্তর্ভুক্তি। তিনি ছাড়াও দলে পেসার আছেন ব্রাইডন কার্স, স্যাম কুক, জেমি ওভারটন, জশ টং, ক্রিস ওকস। সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকস।

ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের দল: বেন স্টোকস (অধিনায়ক), জফ্রা আর্চার, শোয়েব বাশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভারটন, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টং, ক্রিস ওকস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন