এশিয়ান কাপের বাছাইপর্বের অংশ হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপাল গিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথম ম্যাচে দুদলের কেউই জিততে পারেনি। নেপালের সঙ্গে ম্যাচটি গোলশূন্য ড্রতে শেষ করেছে বাংলাদেশ।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দলের দুই মূল তারকা হামজা ও শমিতকে ছাড়াই খেলতে নামে বাংলাদেশ। দলে ছিলেন না ফাহমিদুলও। বাংলাদেশ কেমন পারফর্ম করবে, সে নিয়েই উঠেছিল বড় প্রশ্ন। উত্তর ঠিকঠাক মেলাতে পারল না কাবরেরার শিষ্যরা।
হামজারা না থাকায় অনেকদিন পর শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন অধিনায়ক জামাল ভুঁইয়া। বাংলাদেশ অবশ্য শুরু থেকেই নেপালের রক্ষণভাগের পরীক্ষা নিয়েছে। তবে কিছুতেই তাদের রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি বাংলাদেশি ফরোয়ার্ডরা। নেপালও আক্রমণের চেষ্টা করেছে শুরু থেকেই। দুই দল গোল করতে ব্যর্থ হলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও দুই দল গোলের জন্য মরিয়া ছিল। তবে ফিনিশিংটা দিতে পারেননি কেউই। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ ও নেপাল। আগামী ৯ সেপ্টেম্বর একই মাঠে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

