সাব্বির-রবিনের ব্যাটিং ঝড়ের দিনে মেট্রোর জয়

সাব্বির-রবিনের ব্যাটিং ঝড়ের দিনে মেট্রোর জয়

এনসিএল টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাজশাহীর বিপক্ষে মাঠে নামে গতবারের রানার্স আপ ঢাকা মেট্রো। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে ঢাকা মেট্রো। আগে ব্যাট করতে নেমে ৫ ওভারে নেমে আসা ম্যাচে ৩ উইকেটে ৬০ রান তোলে রাজশাহী বিভাগ। জবাবে, মাহফিজুল ইসলাম রবিনের ঝড়ো ব্যাটিংয়ে ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ঢাকা মেট্রো।

বিজ্ঞাপন

রাজশাহীর ছুঁড়ে দেওয়া ৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম দুই ওভারে ১৭ রান তোলে ঢাকা মেট্রো। তৃতীয় ওভারে অধিনায়ক নাঈম শেখ বিদায় নিলে দায়িত্ব বর্তায় দুই অভিজ্ঞ মাহমদুউল্লাহ রিয়াদ ও আবু হায়দার রনির উপর। তবে তারা দু’জনে দলকে খুব একটা সামনে এগিয়ে নিতে পারেননি। রিয়াদ ৪ বলে ৬ ও রনি ৪ বলে ৮ রান করে ফেরেন। তাদের দুজনের বিদায়ে অবশ্য মেট্রোর জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি। কারণ, আগে থেকেই উইকেটে ঝড় তুলেছিলেন মাহফিজুল ইসলাম রবিন। ১২ বলে ৩০ রান তুলে ৩ বল আগেই নিশ্চিত করে দেন দলের জয়। তার ৩০ রানের এই ইনিংসে ছিল ৪ চার ও ১ ছক্কা। রাজশাহীর হয়ে শফিকুল ইসলামের শিকার ছিল ২৩ রানে ২ উইকেট।

এর আগে দুই ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে খানিকটা বিপদে পড়ে স্বাগতিক রাজশাহী। মাত্র ১৪ রানে তিন উইকেট হারানো দলকে এগিয়ে নেন সাব্বির রহমান ও মেহরব হোসেন। দুজন মিলে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ৪৬ রান। সাব্বির ১৫ বলে ৩৩ ও মেহেরব ৯ বলে করেন ১৫ রান। সাব্বিরের ৩৩ রানের ইনিংসে ছিল ১ চার ও তিন ছক্কা। ঢাকা মেট্রোর হয়ে আরিফ আহমেদ ৬ রানে নেন দুই উইকেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন