ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড কর্পোরেট অ্যামেচার টি-ফরটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর শিরোপা জিতেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ফাইনালে তাদের কাছে পাত্তা পায়নি সেনা কল্যাণ সংস্থা। ১৪২ রানে হেরেছে দলটি।
শনিবার পুলিশ স্টাফ কলেজ মাঠে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩০১ রানের বিশাল পুঁজি পায় ব্র্যাক ব্যাংক। তাদের হয়ে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন এহসান বণিক। ৮৫ বলে ৯৪ রানের ইনিংস খেলেন তিনি। ৪৯ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ রান করেন শাহরিয়ার ইসলাম সুমন।
২৩ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন তাওহিদুল ইসলাম। এছাড়া তৌহিদুল ইসলাম জনি ৩৮ ও অমিত ঘোষের ব্যাট থেকে আসে ৩৪ রান। সেনা কল্যাণের হয়ে আবু নাসের, মোহাম্মদ রাজু মিয়া, মারুফ হোসেন, তাওফিক হাসান ও মাহফুজুল ইসলাম একটি করে উইকেট নেন।
বিশাল লক্ষ্যের পেছনে ছুঁটতে গিয়ে শেখ আবু সাইদের হ্যাটট্রিকে দলীয় ৮ রানেই ৬ উইকেট হারায় সেনা কল্যাণ। তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় তারা। চতুর্থ ওভারে হ্যাটট্রিকসহ ৪ ব্যাটারকে ফেরান সাইদ। এরপর মারুফ হোসেন, মোবাশ্বির প্রিতম ও ওয়ালিউজ্জামান নয়নের ব্যাটিংয়ে মান বাঁচায় সেনা কল্যাণ। ৩৩.৩ ওভারে ১৫৯ রানে অলআউট হয় তারা। নয়ন ৪৭, মারুফ ৪৪ ও প্রিতম করেন ৩৫ রান।
চতুর্থ ওভারে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নেওয়া সাইদ পরবর্তীতে আর কোনো ব্যাটসম্যানকে আউট করতে পারেননি। ব্র্যাক ব্যাংকের হয়ে দুটি করে উইকেট নেন তাহিদুল ও সজিব রায়।
সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল হাবিবুল্লাহ প্রধান অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের ডিরেক্টর সাইফুল ইসলাম, গ্রিন কেয়ার অ্যাগ্রোর ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমডোর (অব.) আলাউদ্দিন, করপোরেট অ্যামেচার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মেজর (অব.) ইমরোজ আহমেদ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

