*অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই

প্রথম ম্যাচে জয়ের টার্গেট নারী দলের

প্রথম ম্যাচে জয়ের টার্গেট নারী দলের

লাওসে শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। বুধবার স্বাগতিক লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাই পর্বের মিশন শুরু হবে তাদের। প্রথম ম্যাচটি জয়ে রাঙিয়ে দিতে চায় বাংলাদেশের মেয়েরা।

আজ লাওসে দ্বিতীয় দিনের মতো অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেয় তারা। অনুশীলন শেষে নারী দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ বলেন, ‘আমাদের টার্গেট ছিল ডিফেন্ডিং ও অ্যাটাকিং অ্যাপ্রোচ নিয়ে। ডিফেন্ডিংয়ের সময় কীভাবে কী করা যায়, কতটুকু টাইট থাকা যায়, প্রতিপক্ষের অ্যাটাকারদের কাছাকাছি থাকা যায় এবং অ্যাটাকিংয়ের সময় আমরা কীভাবে স্পিন করব- এসব নিয়ে কাজ হয়েছে। মেয়েরা ভালো কাজ করেছে। তাদের পারফরম্যান্সে আমরা খুশি।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ টার্গেট করছি। প্রথম ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে আমরা ভালোভাবে জয় নিয়ে মাঠ ছাড়তে চাচ্ছি। এটা যাতে আমাদের পরবর্তী রাউন্ডে যেতে সাহায্য করবে।’

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে খেলার লক্ষ্য বাংলাদেশের। মাসুদ আহমেদ বলেন, ‘আমাদের টার্গেট তো আসলে আমরা চূড়ান্ত পর্বে খেলব। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। সামনে প্রথম ম্যাচ। এরই মধ্যে আমাদের প্রতিপক্ষের দুই দলেরই খেলা হয়ে যাবে। আমরা আরো অ্যানালাইসিস করার সুযোগ পাব। এটা নিয়ে কাজ করার সুযোগ পাব। আমরা ম্যাচের দিকেই তাকিয়ে আছি।’

বাছাই পর্বে ‘এইচ’ গ্রুপে লাওস ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও তিমুর-লেস্তে। ৬, ৮ ও ১০ আগস্ট তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন