লর্ডসে এগিয়ে যাওয়ার লড়াইয়ে ভারত-ইংল্যান্ড

লর্ডসে এগিয়ে যাওয়ার লড়াইয়ে ভারত-ইংল্যান্ড

ভারত ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ জমে উঠেছে। হেডিংলিতে ইংল্যান্ডের ৫ উইকেটের দাপুটে জয়ের পর এজবাস্টনে ৩৩৬ রানের বড় জয়ে বদলা নিয়েছে ভারত। তাতে সিরিজ এখন ১-১ ব্যবধানে সমতা। আজ লর্ডসে বাংলাদেশ সময় বিকাল ৪টায় তৃতীয় টেস্টে মুখোমুখি হবে শুবমান গিল ও বেন স্টোকসের দল। এই ম্যাচে দুই দলের লক্ষ্যই এগিয়ে যাওয়া।

এজবাস্টনে জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে ভারত। তুলনায় বেশ চাপ নিয়েই মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড। এই ম্যাচে ফিরছেন ভারতের পেস আক্রমণের মূল অস্ত্র জসপ্রীত বুমরাহ। সেই সঙ্গে ফর্মের তুঙ্গে আছে ভারতের ব্যাটিং লাইনআপ। বোলিং লাইনে বুমরাহ ফিরলে আরো শক্তি বাড়বে। এজবাস্টনে ইংলিশদের ধসিয়ে দিয়েছেন মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ। দুজন মিলে প্রতিপক্ষের ২০ উইকেটের ১৭টি পকেটে পুরেছেন। বুমরাহ ফেরায় ভালোই পরীক্ষা দিতে হবে হ্যারি ব্রুক, জো রুটদের।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের জন্য সুখবর হতে পারে জোফরা আর্চারের ফেরা। লর্ডসের একাদশে থাকলে দীর্ঘ চার বছর পর টেস্ট খেলতে নামবেন আর্চার। যদি পুরনো ফর্ম দেখাতে পারেন, তাহলে ভারতীয় ব্যাটারদের খাবি খেতে হবে তার গতি ও বাউন্সের কাছে। এক্ষেত্রে কঠিন পরীক্ষাই দিতে হবে কারুণ নায়ারকে। উচ্চতার লেংথ বলে তার দুর্বলতা চোখে পড়ার মতো। শর্ট বলে যশস্বী জয়সওয়ালেরও অস্বস্তি রয়েছে। তবে আর্চারের ফিটনেস ইস্যু থাকলে একাদশে আসার সম্ভাবনা রয়েছে গাস অ্যাটকিনসনের।

বুমরাহ ফেরায় বাদ পড়তে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ। যদিও এজবাস্টনে বুমরাহর জায়গায় সুযোগ পেয়েছিলেন আকাশ দীপ। সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ১০ উইকেট (প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ৪) নিয়ে অভিষেক স্মরণীয় করে রেখেছেন তিনি। তাই তাকে বাদ দেওয়ার চিন্তা করবে না ভারতীয় ম্যানেজমেন্ট। এজবাস্টনে তিন অলরাউন্ডার নিয়ে খেলেছিল ভারত। তাতে দুজন ছিলেন স্পিনার। লর্ডসেও রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরকে দেখা যেতে পারে। বাদ পড়তে পারেন নিতীশ রেড্ডি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন