জয়ের দুয়ারে দাঁড়িয়ে ইংল্যান্ড

জয়ের দুয়ারে দাঁড়িয়ে ইংল্যান্ড

নাটকীয় ম্যাচ যাকে বলে! হেডিংলি টেস্ট তার ষোলো আনাই উপহার দিচ্ছে। সেঞ্চুরির ফোয়ারা ছোটার ম্যাচে জয়ের লক্ষ্য ৩৭১। টেস্টের চতুর্থ ইনিংসে নিঃসন্দেহে বিশাল এক টার্গেট। কিন্তু ইংল্যান্ডের ব্যাটিং দেখে সেটা বোঝার উপায় নেই। যেন মামুলি লক্ষ্য ছোঁয়ার মিশনে নেমেছেন তারা। ভারতীয় বোলারদের রক্তচক্ষু উপেক্ষা করে দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের বন্দরে নোঙর ফেলতে এগিয়ে যাচ্ছেন ইংলিশরা। চা বিরতি পর্যন্ত পঞ্চম ও শেষ দিনে হেডিংলি টেস্টে দ্বিতীয় ইনিংসে ৫৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার এখন ১০২ রান।

বিজ্ঞাপন

দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে পৌঁছে দেন জয়ের দুয়ারে বেন ডাকেট। ১৭০ বলে ১৪৯ রানের দারুণ ইনিংসটি সাজিয়েছেন ডাকেট ২১টি বাউন্ডারি ও একটি ছক্কার মারে। তারকা এ ওপেনারকে সঙ্গ দিয়ে যাওয়া জ্যাক ক্রলি অবশ্য বেশি দূর এগোতে পারেননি। জাদুকরী তিন অঙ্কের আভাস দিয়ে তিনি ফিরে যান ফিফটি আদায় করে। সাজঘরের পথে হাঁটার আগে ১২৬ বলে ৭ বাউন্ডারিতে খেলেন ৬৫ রানের দারুণ এক কার্যকরী ইনিংস। জো রুট (১৪ ব্যাটিং) ও বেন স্টোকস (১৩ ব্যাটিং) এখনো ক্রিজে টিকে রয়েছেন। ভারতের হয়ে ৬৯ রান খরচ করে দুটি উইকেট শিকার করেছেন প্রসিদ্ধ কৃষ্ণা। ২৮ রানে দুটি উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুরও।

এর আগে ২১ রান নিয়ে আজ মঙ্গলবার পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। জ্যাক ক্রলি ১২ রান ও বেন ডাকেট ৯ রান নিয়ে ব্যাটিং শুরু করেন।

যশস্বী জয়সওয়াল, শুবমান গিল আর রিশভ পান্তের সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিংসে ৪৭১ রানের বিশাল পুঁজি গড়ে ভারত। জবাবে অলি পোপের দারুণ শতকের সুবাদে ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে দাঁড় করায় ৪৬৫ রানের সংগ্রহ। পরে দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সেঞ্চুরির দেখা পান লোকেশ রাহুল ও রিশভ পান্ত। দুজনের ব্যাটিং ঝলকে ৩৬৪ রান তোলে, ভারতীয়রা পায় ৩৭০ রানের লিড।

সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংস : ৪৭১/১০, ১১৩ ওভার ও দ্বিতীয় ইনিংস: ৩৬৪/১০, ৯৬ ওভার (রাহুল ১৩৭, পান্ত ১১৮; কার্স ৩/৮০ ও টং ৩/৭২)।

ইংল্যান্ড প্রথম ইনিংস : ৪৬৫/১০, ১০০.৪ ওভার ও দ্বিতীয় ইনিংস ২৬৯/৪, ৫৮.৩ ওভার (ডাকেট ১৪৯ ব্যাটিং, ক্রুলি ৬৫; প্রসিদ্ধ ২/৬৯ ও শার্দুল ২/২৮)। (চা বিরতি পর্যন্ত)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন