দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে শুরু করে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত একের পর এক সিরিজ ও টুর্নামেন্টে ব্যস্ত ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। আপাতত আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। দেশের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট চলাকালেই আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচিতে ব্যস্ত হয়ে পড়বেন ক্রিকেটাররা। এদিক বিবেচনায় রেখে ক্লাবগুলোকে ওয়ার্কলোড কমাতে ক্রিকেটারদের বিশ্রামে রাখার নির্দেশনা দিয়েছে বিসিবি।
যেসব ক্রিকেটারকে বিশ্রামে রাখার নির্দেশনা দিয়েছে, তারা হলেন তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও নাজমুল হোসেন শান্ত। ক্রিকেটারদের বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে ৭ থেকে ১০ দিন পর্যন্ত বিশ্রামে রাখার পরামর্শ দিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। বিষয়টি নিশ্চিত করে ডিপিএলের কো-অর্ডিনেটর সাব্বির আহমেদ রুবেল আমার দেশকে বলেন, ‘আমরা মেডিকেল থেকে একটা চিঠি পেয়েছি, যেখানে শুধু তানজিম হাসান সাকিব নয়, নাহিদ রানা, জাকের আলী অনিক, মেহেদী মিরাজ, তাসকিন, মোস্তাফিজ, শান্তর ব্যাপারে রেস্ট্রিকশন আছে। এটা আমরা দলগুলোকে ফরোয়ার্ড করে দিয়েছি। সাকিবকে ১০ দিনের রেস্ট দিয়েছে। কাউকে ১০ দিন, কাউকে দুই সপ্তাহ বা কাউকে এর মাঝামাঝি বিশ্রাম দেওয়া হয়েছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

