কমনওয়েলথ গেমসের ইতিহাসে সবচেয়ে বেশি পদকজয়ী পুরুষ ক্রীড়াবিদের রেকর্ড নতুন করে লিখলেন দক্ষিণ আফ্রিকার তারকা সাঁতারু চ্যাড লে ক্লস। গ্লাসগোতে অনুষ্ঠিত এবারের আসরে পুরুষদের ৪ গুণিতক ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্রোঞ্জ জয়ের মধ্য দিয়ে নিজের মোট পদকসংখ্যা ১৯-এ উন্নীত করেছেন তিনি।
এই কীর্তির মাধ্যমে অস্ট্রেলিয়ার কিংবদন্তি শুটার ফিল অ্যাডামস এবং ইংল্যান্ডের মিক গল্টকে পেছনে ফেলেছেন ৩৪ বছর বয়সি লে ক্লস। এতদিন দুজনেরই কমনওয়েলথ গেমসে পদক ছিল ১৮টি।
রেকর্ড গড়ার পর আবেগাপ্লুত লে ক্লস বলেন, ‘ব্রোঞ্জ জিতে আমার কাঁদার কথা নয়, কাঁদার কথা ছিল সোনা জিতলে। কিন্তু সত্যি বলতে, এই অর্জন আমার কাছে পৃথিবীর সমান মূল্যবান।’
এ নিয়ে কমনওয়েলথ গেমসে লে ক্লসের সংগ্রহে এখন ৭টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ১৯টি পদক। তবে তার পদকযাত্রা এখানেই শেষ হচ্ছে না। এবারের আসরে তিনি আরো ৫০ মিটার ও ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে অংশ নেবেন। ফলে নিজের রেকর্ড আরো সমৃদ্ধ করার সুযোগ থাকছে তার সামনে।
২০১০ সালে ভারতের নয়াদিল্লিতে মাত্র ১৮ বছর বয়সে কমনওয়েলথ গেমসে অভিষেক হয় লে ক্লসের। প্রথম আসরেই পাঁচটি পদক জিতে আলোচনায় আসেন তিনি। গ্লাসগোতে ক্যারিয়ারের পঞ্চম কমনওয়েলথ গেমসে নেমেছেন তিনি।
কমনওয়েলথ গেমসের সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ সমৃদ্ধ লে ক্লসের ক্যারিয়ার। অলিম্পিকে তিনি জিতেছেন চারটি পদক, যার মধ্যে রয়েছে একটি স্বর্ণ। এছাড়া বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ১৬টি শিরোপা জিতেছেন তিনি, যার বেশিরভাগই বাটারফ্লাই ইভেন্টে।
এখন তার লক্ষ্য ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। সেখানে অংশ নিতে পারলে সেটি হবে লে ক্লসের টানা পঞ্চম অলিম্পিক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

