বিশ্বকাপ বাছাই পর্ব

ফ্রান্স, ইতালি ও ক্রোয়েশিয়ার জয়

ফ্রান্স, ইতালি ও ক্রোয়েশিয়ার জয়

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স, ইতালি ও ক্রোয়েশিয়া। ইতালির কোচ হিসেবে অভিষেকেই এস্তোনিয়াকে ৫–০ গোলের হার উপহার দিয়ে যাত্রাটা স্মরণীয় করে রাখলেন গাত্তুসো। ফ্রান্স ২-০ গোলের জয় পেয়েছে ইউক্রেনের বিপক্ষে। ক্রোয়েশিয়া ১-০ ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছে ফারো আইল্যান্ডসের বিপক্ষে।

এছাড়া মন্টেনেগ্রোকে ২–০ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্র। স্লোভেনিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সুইডেন। কসোভোকে ৪–০ গোলে বিধ্বস্ত করেছে সুইজারল্যান্ড। ‘সি’ গ্রুপ থেকে ডেনমার্ক–স্কটল্যান্ড ম্যাচটি গোলশূন্য ড্র হয়। গ্রুপের অপর ম্যাচে বেলারুশকে ৫–১ গোলে হারায় গ্রিস।

বিজ্ঞাপন

ইতালি ম্যাচের প্রথমার্ধে কোনো গোল পায়নি। পাঁচটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৮ মিনিটে বুলেট গতির শটে গোল করেন ফরোয়ার্ড ময়েস কিন। ৬৯ ও ৭১ মিনিটে জালের দেখা পান দুই ফরোয়ার্ড মাতেও রেতেগুই ও রাসপেদোরি। ৮৯ মিনিটে রেতেগুই ও যোগ করা সময়ে আলেসান্দ্রো বাস্তোনি ইতালিকে আরও দুটি গোল এনে দেন।

‘আই’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় ইতালি। এই গ্রুপের শীর্ষ দুই দল নরওয়ে ও ইসরায়েল ৪টি করে ম্যাচ খেলেছে। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে নরওয়ে ও ইতালির জয়ের রাতে মালদোভাকে ৪–০ গোলে হারানো ইসরায়েল ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে। পরের ম্যাচে ইসরায়েলের মুখোমুখি হবে ইতালি।

ফ্রান্সের জয়ে গোল করেছেন মাইকেল ওলিসে ও কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পে দেশের কিংবদন্তি থিয়েরি অঁরির পাশে বসেছেন। ফ্রান্সের জার্সিতে ১২৩ ম্যাচে ৫১ গোল করে এতোদিন এককভাবে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন অঁরি। ৯১ ম্যাচে ৫১ গোল করে এমবাপ্পে তার পাশে বসলেন। ১৩৭ ম্যাচে ৫৭ গোল নিয়ে সবার ওপরে অলিভার জিঁরু।

‘ডি’ গ্রুপ থেকে এটাই প্রথম ম্যাচ ফ্রান্সের। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় দেশমের দল। আজারবাইজানকে ৫–০ গোলে বিধ্বস্ত করে গোল ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষে ১ ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া আইসল্যান্ড। কোনো পয়েন্ট না পাওয়া ইউক্রেন তিনে ও আজারবাইজান চারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন