কথায় আছে না- কারও পৌষ মাস, কারও সর্বনাশ! সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের বেলায় প্রবাদটা মিলে গেল। যুক্তরাষ্ট্রের সর্বনাশটা পৌষ হয়ে ধরা দিল আমিরাতের সামনে। ভাবছেন ব্যাপারটা? এবার তাহলে পুরো ব্যাপারটা খোলাসা করা যাক, আইসিসির ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে আমিরাতের নারী ক্রিকেট টিম। মার্কিন নারী ক্রিকেটারদের হৃদয় ভেঙে নতুন এক মাইলফলকে পা রেখেছেন মধ্যপ্রাচ্যের কন্যারা।
আমিরাতের এ স্ট্যাটাস কার্যকর হবে ২০২৫-২০২৯ চক্রে। এতে আইসিসিতে নারী ওয়ানডে দলের স্ট্যাটাস পাওয়া টিমের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬তে।
ওয়ানডে স্ট্যাটাস ধরে রেখেছে আইসিসির সহযোগী সদস্য দেশ স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, থাইল্যান্ড ও পাপুয়া নিউগিনি। পাকিস্তানের মাটিতে নারী বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিয়ে থাইল্যান্ড ও স্কটল্যান্ড স্ট্যাটাস ধরে রেখেছে।
এ দিকে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে নেদারল্যান্ডস ও পাপুয়া নিউগিনি। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ১৬তম স্থানে থেকে স্ট্যাটাস পেয়েছে আমিরাত।
আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এখন শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দুইয়ে ইংল্যান্ডে আর তিনে আছে ভারত। নবম স্থান অবনমন হয়েছে বাংলাদেশের। আয়ারল্যান্ড নবম স্থানে উঠে গেছে। বাংলাদেশ নেমে গেছে দশম স্থানে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

