হরভজনের চোখে ভারত ‘অপ্রতিরোধ্য’

হরভজনের চোখে ভারত ‘অপ্রতিরোধ্য’

সাম্প্রতিক সময়ে দারুণ সময় কাটাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। বৈশ্বিক কিংবা মহাদেশীয় কোনো প্রতিযোগিতায় তারা সব সময় ফেভারিট হয়েই খেলতে নামে। চলমান এশিয়া কাপেও এর ব্যতিক্রম হচ্ছে না। সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে আসর শুরু করা ভারতের বিপক্ষে জেতার মতো কোনো দলকেই দেখছেন না দেশটির সাবেক ক্রিকেটার হরভজন সিং। আসন্ন ভারত-পাকিস্তান ম্যাচকে সামনে রেখে ভারতীয় সংবাদ সংস্থা ‘প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ‘ভাজ্জি’ খ্যাত সাবেক এই ক্রিকেটার।

আগামীকাল রোববার এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান। হরভজন বলেন, ‘ভারতকে হারানোর মতো কাউকে দেখছি না। এই দলকে হারানোর মতো যদি এমন কোনো দল থাকে, সেটা কেবল ভারতই। আমাদের দলে রয়েছে বিশাল প্রতিভা। বিরাট কোহলি ও রোহিত শর্মা না থাকলেও নতুন খেলোয়াড়রা দারুণ পারফর্ম করতে সক্ষম। ইতোমধ্যে তারা নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে।’

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’-এ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিলেন হরভজনসহ একাধিক ভারতীয় ক্রিকেটাররা। সেটি স্মরণ করিয়ে হরভজন জানান, ‘সব সময়ই ভারত-পাকিস্তান ম্যাচ আলোচনার কেন্দ্রে থাকে। আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে খেলেছি, কিন্তু পাকিস্তানের বিপক্ষে মাঠে নামিনি। তাদের সঙ্গে কোনো ক্রিকেট কিংবা বাণিজ্য চলতে পারে না।’ এশিয়া কাপেও এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হবে কি নাÑএমন প্রশ্নের জবাবে সাবেক ক্রিকেটারের ভাষ্য, ‘প্রতিটি মানুষের নিজস্ব মত থাকতে পারে। তবে সম্পর্ক ভালো না হলে ক্রিকেট বা বাণিজ্য, কোনোটাই হওয়া উচিত নয়। সরকার যদি অনুমতি দেয়, সেটা আলাদা বিষয়। কিন্তু সম্পর্কের সুষ্ঠু অবস্থা সবচেয়ে জরুরি।’

পাকিস্তানের বিপক্ষে লড়াইকে কেন্দ্র করে সামনে আসছে অতীত পরিসংখ্যানের হিসাবও। তাতে অবশ্য টপ ফেভারিট হিসেবেই থাকছে ভারতের নাম। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক কিংবা মহাদেশীয় কোনো প্রতিযোগিতায় তাদের সঙ্গে বলার মতো প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারেনি পাকিস্তান। কেবল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে লড়াই হয়েছিল। সেবার পাকিস্তানের বিপক্ষে মাত্র ৬ রানে জয় পেয়েছিল ভারত। সর্বশেষ পাঁচ টি-টোয়েন্টিতে ভারতের তিন জয়ের বিপরীতে পাকিস্তানের জয় দুটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন