চ্যালেঞ্জ লিগের মূল পর্বে কিংস

টিমওয়ার্কেই সাফল্য এসেছে : তপু

টিমওয়ার্কেই সাফল্য এসেছে : তপু

এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে মঙ্গলবার দিবাগত রাতে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস। এ ম্যাচে কিংস ১-০ গোলে হারায় কারামাহকে। এই জয়ে চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে (মূল পর্ব) উঠেছে বাংলাদেশের ক্লাবটি। এর আগেও এএফসি টুর্নামেন্টের গ্রুপ পর্বে খেলে কিংস। তবে এবার প্লে-অফের পরীক্ষা দিয়ে গ্রুপ পর্ব নিশ্চিত করতে হয়েছে তাদের। এ ম্যাচে কিংসের জার্সিতে অভিষেক হয়েছে ইংল্যান্ড প্রবাসী তরুণ ফুটবলার কিউবা মিচেলের। ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন আলোচিত এই খেলোয়াড়। গোল না পেলেও যে ঝলক দেখান মিচেল, তাতে তাকে ঘিরে প্রত্যাশা বাড়ছে।

অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যাওয়া কিংসের চ্যালেঞ্জ লিগে সাফল্য পাওয়া প্রসঙ্গে ম্যাচ শেষে তারকা ডিফেন্ডার তপু বর্মণ জানান, ‘টিম ওয়ার্কের কারণেই আমরা ম্যাচটিতে জয়লাভ করেছি এবং পরবর্তী রাউন্ডে উঠেছি। সতীর্থ, কোচিং স্টাফ, ম্যানেজমেন্টসহ সবাই আমরা একসঙ্গে কাজ করেছি। কঠোর পরিশ্রমের ফল এটি। বসুন্ধরা কিংস আগেও এটি প্রমাণ করে আসছে। এই জয় দর্শকদের উৎসর্গ করতে চাই।’

বিজ্ঞাপন

নানা কারণে কিংসের চ্যালেঞ্জ লিগের জয়টি বেশি তাৎপর্য হয়ে উঠেছে। গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে তৃতীয় হওয়ায় চ্যালেঞ্জ লিগে খেলার কথা ছিল না কিংসের। কিন্তু প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের ক্লাব লাইসেন্স-সংক্রান্ত সমস্যা থাকায় সুযোগ পেয়ে যায় তারা। কাতারের দোহায় কামারাহর বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে আরেক বিপাকে পড়ে কিংস।

সম্প্রতি ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াস কিংসে যোগ দেবেন এবং কাতারে দলের দায়িত্ব নেবেন-এমন ঘোষণা দিয়েছিলেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। কিন্তু ম্যাচের আগের দিন ফারিয়াস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ইরাকের ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ফলে এই কোচকে ছাড়াই চ্যালেঞ্জ লিগের মিশনে নামে বসুন্ধরা কিংস। কামারাহর বিপক্ষে খেলার ৬ মিনিটে ইমানুয়েল সানডের গোলে এগিয়ে যায় দলটি। শেষ পর্যন্ত লিড ধরে রেখে হাসিমুখে মাঠ ছাড়ে কিংসের খেলোয়াড়রা। চ্যালেঞ্জ লিগের অপর ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরেছে আবাহনী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন