প্রস্তুতি ম্যাচের ঘাটতি

তবুও আত্মবিশ্বাসী মামুন

তবুও আত্মবিশ্বাসী মামুন

বাংলাদেশ জাতীয় হকি দলের সামনে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ। এ টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে হকি দল। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মাসব্যাপী প্রস্তুতি ক্যাম্প চললেও বিদেশের কোনো দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ না খেলার ঘাটতি থাকছে তাদের। তবে প্রস্তুতি ম্যাচ ছাড়াই দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী হকি দলের কোচ মামুনুর রশীদ মামুন। তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে। তবে দেশের বাইরের দলের বিপক্ষে ম্যাচ খেলতে পারলে সেটা আরো ভালো হতো। এরই মধ্যে আমরা দেশে বিমানবাহিনীর বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলছি।’ কোচ মামুন আরো বলেন, ‘ইন্দোনেশিয়ায় আগে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু ওখানে সিঙ্গাপুর কিংবা অন্য কাউকে পাওয়া সম্ভব নয়। উজবেকিস্তান তো সাড়া দিচ্ছে না। আশা করছি, এটা বড় কোনো সমস্যা হবে না। এই টুর্নামেন্টে আমরা সব সময় সেরা সাফল্য পেয়েছি। এবারও লক্ষ্য একই থাকছে।’ তবে বাইরের দেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনায় এখনো আছে হকি ফেডারেশন। সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান জানালেন, ‘জাকার্তায় আগেভাগে গিয়ে ছেলেদের জন্য দুয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা আমরা ভাবছি। কথাও হয়েছে দুয়েকটি দলের সঙ্গে।’ হকি দলের অধিনায়ক হিসেবে পুষ্কর ক্ষিসা মিমো দায়িত্ব পেতে পারেন। আগামী ১৪ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় উদ্দেশে বিমান ধরবে বাংলাদেশ হকি দল। ১৮ এপ্রিল কাজাখস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে তাদের। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, কাজাখস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন