আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপের এবারের আসর। এশিয়ার বিশ্বকাপ হিসেবে খ্যাত টুর্নামেন্টটিকে সামনে রেখে প্রাথমিক দলে থাকা ২৫ ক্রিকেটারকে নিয়ে ইতোমধ্যে ফিটনেস ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তারই অংশ হিসেবে রোববার (১০ আগস্ট) ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের অ্যাথলেটিকস টার্ফে ক্রিকেটারদের ফিটনেস টেস্টর আয়োজন করে সংস্থাটি। সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত দুই ধাপে ফিটনেস টেস্ট অনুষ্ঠিত হয়। তার আগে শুরুতে কিছুক্ষণ ওয়ার্মআপ করে নেন ক্রিকেটাররা।
দুই ধাপেই ক্রিকেটারদের ১ হাজার ৬০০ মিটার দৌঁড়াতে হয়েছে। প্রথম ধাপে ১১ জনের মধ্যে দৌঁড়ে সবার আগে ছিলেন নাহিদ রানা। দৌড় সম্পন্ন করতে ৫ মিনিট ৩১ সেকেন্ড সময় নেন এই গতি তারকা। সেরা তিনের বাকি দুজন হলেন মেহেদি হাসান মিরাজ ও মুশফিকুর রহিম।
দ্বিতীয় ধাপের দৌড়ে অংশ নেন ১৫ জন ক্রিকেটার। যেখানে প্রথম হন আরেক পেসার তানজিম হাসান সাকিব। ৫ মিনিট ৫৩ সেকেন্ড সময় লেগেছে তার। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন শাহাদাত হোসেন দিপু ও পারভেজ হোসেন ইমন।
ক্রিকেটারদের ফিটনেস টেস্টে জন্য তিনটি বেঞ্চমার্ক ঠিক করে দিয়েছে বিসিবি। ৫ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে দৌড় শেষ করতে পারলে সেটা ‘এলিট’ হিসেবে বিবেচনা করা হবে। ৬ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত সময় লাগলে সেটা সন্তোষজনক হিসেবে গণ্য হবে। এর বেশি সময় লাগলে সেটা ‘লিমিটেড’ হিসেবে বিবেচিত হয়। বিসিবির একটি সূত্র জানিয়েছে, ফিটনেস টেস্টে দুই একজন বাদে বাকিরা সবাই সন্তোষজনক স্কোর করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

