সাড়ে তিন মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। সর্বশেষ গত অক্টোবরে নেপালের কাঠমান্ডুতে সাফের ফাইনাল খেলেছিল তারা। টানা দ্বিতীয়বার সাফ জয়ের পর আর মাঠে নামা হয়নি তাদের। দীর্ঘ বিরতির পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ দিয়ে আবার ফুটবলে ফিরছে বাংলাদেশের মেয়েরা। আজ শারজার মাঠে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় প্রথম ম্যাচটি শুরু হবে।
আমিরাত ম্যাচ বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জের হতে যাচ্ছে। আরো বেশি চ্যালেঞ্জ হতে যাচ্ছে ইংলিশ কোচ বাটলারের জন্য। সম্প্রতি যে সংকটের মধ্য দিয়ে গেছে দেশের নারী ফুটবল, সে কারণেই ম্যাচটিকে আরো বেশি কঠিন করে তুলেছে। এ ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, রুপনা চাকমা, সানজিদা আক্তারসহ সিনিয়র-জুনিয়র মিলে গুরুত্বপূর্ণ ১৮ ফুটবলারকে। আমিরাত ম্যাচের ক্যাম্প শুরুর সময়ই জটিলতার তৈরি হয়। বিদ্রোহ করে বসেন সাফজয়ী ১৮ নারী ফুটবলার। নতুন করে নিয়োগ পাওয়া কোচ বাটলারকে ঘিরেই এ অস্থিরতা তৈরি হয়। তার অধীনে অনুশীলন বয়কট করেন সাবিনারা। দুই সপ্তাহের বেশি চলে নারী ফুটবলে অচলাবস্থা। নানা নাটকীয়তার পর এই সংকট কাটিয়ে স্বস্তি ফিরলেও অস্বস্তি নিয়েই দল নিয়ে আমিরাতে গেছেন বাটলার। তার দলে সিনিয়র দলের মাত্র ১২ খেলোয়াড় আছেন। ২৩ সদস্যের দলে বাকি খেলোয়াড়রা নতুন। বয়সভিত্তিক দল থেকে উঠে এসেছেন তারা। সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে দ্বন্দ্বের কারণে কোচ বাটলারের জন্য আমিরাত ম্যাচটি বাড়তি চ্যালেঞ্জের। দল ভালো কিছু করে দেখাতে না পারলে, সেটির প্রভাব তার ওপরও যে পড়বে, সেটি বলার অপেক্ষা রাখে না। কেননা এই কোচ বারবার বলেছেন, তরুণ ও নতুনকে নিয়ে চিন্তা করছেন। তাদের দিকেই তার সব মনোযোগ। সিনিয়র খেলোয়াড়রা তার পছন্দের তালিকায় নেই বলে অনেক আগেই অভিযোগ উঠেছিল। ফলে বাটলারের অধীনে বর্তমান তারুণ্যদীপ্ত দলটি কী পারফরম্যান্স দেখায় মাঠে, সে দিকে নজর থাকবে সবার। সাবিনা না খেলায় নতুন বাংলাদেশ নারী দলের নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র দলের ডিফেন্ডার আফঈদা খন্দকার। দেশছাড়ার আগে এই অধিনায়ক জানান, অনুপস্থিত অভিজ্ঞ খেলোয়াড়দের ছাড়াই তার দল ভালো করতে আত্মবিশ্বাসী। গতকাল মঙ্গলবার সকালে আমিরাতে হোটেলে পৌঁছে কিছুটা বিশ্রাম নিয়ে সন্ধ্যায় দল নিয়ে অনুশীলনে নেমে পড়েন কোচ বাটলার। আমিরাতের বিপক্ষে চ্যালেঞ্জ জয়ের জন্য প্রস্তুতি তিনি। আমিরাতের বিপক্ষে সিনিয়র পুরুষ দলের জয়ের রেকর্ড নেই। এখন মেয়েদের হাত ধরে জয় আসে কি না- সেটি দেখার বিষয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

