সবার জন্য গলফকে সহজলভ্য ও আনন্দদায়ক করতে এবং ক্রীড়া ও বিনোদন খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করে সানভির বসুন্ধরা গ্রুপের নতুন উদ্যোগ ‘বসুন্ধরা সুপারগল্ফ’ আনুষ্ঠানিকভাবে রাজধানীতে যাত্রা শুরু করেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর বসুন্ধরা সুপারগল্ফ প্রাঙ্গণে (মাদানী এভিনিউ সংলগ্ন) নতুন এই বিশ্বমানের স্পোর্টস ও এন্টারটেইনমেন্ট হাবের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান শাফিয়াত সোবহান সানভির এবং বসুন্ধরা সুপারগল্ফ-এর ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান উপস্থিত ছিলেন। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, শীর্ষ করপোরেট প্রতিনিধি, ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্ব, বিভিন্ন সেক্টরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা এতে যোগ দেন।
আহমেদ আকবর সোবহান, চেয়ারম্যান, বসুন্ধরা গ্রুপ; সাফিয়াত সোবহান সানভীর, চেয়ারম্যান, সানভীর বসুন্ধরা গ্রুপ; ইব্রাহিম আহমেদ সোবহান, ব্যবস্থাপনা পরিচালক, তানভীর বসুন্ধরা গ্রুপ এবং এমিল আহমেদ সোবহান, ব্যবস্থাপনা পরিচালক, বসুন্ধরা সুপার গলফ এবং বসুন্ধরা পরিবারের সকল সদস্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

'শুধু গলফ নয়, তারচেয়েও বেশি কিছু' স্লোগানকে সামনে রেখে ডিজাইন করা এই লাইফস্টাইল হাবে আধুনিক ডিজিটাল ট্র্যাকিং সুবিধাসহ সব মিলিয়ে ১০৭টি গলফ বে রয়েছে। ৩টি আধুনিক লেভেলে সাজানো এই এরেনায় খেলার সঙ্গে রয়েছে বিশ্বমানের একাধিক রেস্টুরেন্ট, প্রিমিয়াম ক্যাফে, সাশ্রয়ী প্রো-শপ, হাই-টেক সিমুলেটর ও ট্রেনিং রুম, বিলিয়ার্ড, ভিআইপি সুইট, মিটিং রুম, সোশ্যাল ইভেন্ট হল, কিডস জোন এবং স্পোর্টস লাউঞ্জ।
অনুষ্ঠানে বসুন্ধরা সুপারগল্ফ-এর ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান বলেন, 'আমাদের মূল লক্ষ্য ছিল এমন একটি আধুনিক পরিসর তৈরি করা, যেখানে কেবল পেশাদার গলফ অনুশীলনই নয়; বরং পরিবার, বন্ধু ও করপোরেট টিম নিয়ে সবাই যেন খাবার, বিনোদন ও সামাজিক নানা আয়োজন একসাথে উপভোগ করতে পারেন। তাই শুরু থেকেই আমরা এটিকে শুধুমাত্র একটি প্রথাগত গলফ ভেন্যু হিসেবে না দেখে এক সমন্বিত লাইফস্টাইল হাব হিসেবে গড়ে তুলেছি।'

তিনি আরও উল্লেখ করেন, গত এক বছরেরও বেশি সময় ধরে প্রকল্পটির পরিকল্পনা ও নিখুঁত বাস্তবায়নে কাজ করা হয়েছে, যেন আগত দর্শনার্থী ও অতিথিরা আন্তর্জাতিক মানের সেবা ও এক অনন্য অভিজ্ঞতা লাভ করতে পারেন।
এছাড়া ও বক্তব্য রাখেন রেজাউর রহমান- হেড অফ অপারেশনস, বসুন্ধারা সুপার গল্ফ এবং আহমেদ ইব্রাহিম সোবহান - ব্যবস্থাপনা পরিচালক, তানভীর বসুন্ধরা গ্রুপ। তারা সম্পূর্ণ সুবিধাগুলোর উচ্চ প্রশংসা করেন এবং এটি কীভাবে পুরো দেশের ভাবমূর্তি ও অর্থনীতিতে ভূমিকা রাখছে তা তুলে ধরেন।
উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা বসুন্ধরা সুপারগল্ফের বিভিন্ন আধুনিক সুবিধা ও ফ্লোরসমূহ ঘুরে দেখেন এবং এর বিশ্বমানের সুযোগ-সুবিধার ভূয়সী প্রশংসা করেন।
প্রতিষ্ঠানটির তথ্য মতে, আন্তর্জাতিক মানের এই ভেন্যুটি বাৎসরিক মেম্বারশিপের (সদস্যপদ) সঙ্গে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত বা স্বাধীনভাবে এসে খেলার সুযোগ রাখা হয়েছে। একই ছাদের নিচে খেলাধুলা, খাবার, ফাইন-ডাইনিং ও সোশ্যাল ইভেন্টের দারুণ সমন্বয় থাকায় এটি খুব দ্রুতই তরুণ-তরুণী, করপোরেট প্রফেশনাল এবং পারিবারিক সময় কাটানোর জন্য রাজধানীর সেরা গন্তব্যে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

