মারধরের অভিযোগ মিথ্যা-বানোয়াট : তাসকিন

মারধরের অভিযোগ মিথ্যা-বানোয়াট : তাসকিন

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বন্ধুকে মারধর ও হুমকির অভিযোগে সাধারণ ডাইরি (জিডি) করা হয়েছে। গত পরশু রাতে তাসকিনের বন্ধু সিফাতুর রহমান সৌরভ এই জিডি করেন। অভিযোগ অনুযায়ী, পরশু রাত সাড়ে ৯টার দিকে মিরপুর-১ নম্বরে এ ঘটনা ঘটে। বাদীর অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে তাসকিন এক ফেসবুক পোস্টে এ ঘটনাকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন।

অভিযোগ অনুযায়ী, গত পরশু রাতে তাসকিনের নম্বর থেকে ফোন দিয়ে সৌরভকে ডেকে নেওয়া হয়। মিরপুর-১ নম্বরে সৌরভকে কিল-ঘুসি দেন তাসকিন। একটি বেসরকারি টিভি চ্যানেলে সিফাতুর রহমান সৌরভ বলেন, ‘সব সময় কাঁধে হাত দেয়। কাঁধে হাত দিয়ে অল অব অ্যা সাডেন আমার মাথায় ঘুসি দিছে। গাড়ির ভেতরে আমাকে ছাড়ছেই না, এলোপাতাড়ি…।’ ভুক্তভোগী সৌরভের খালা জানান, তাসকিনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সৌরভকে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় এক ফেসবুক স্ট্যাটাসে তাসকিন লেখেন, ‘আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছিÑএমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্যকেও বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক নয়।’ তিনি আরো যোগ করেন, ‘যা ঘটেছে, সেজন্য বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে, কোনোভাবে এমনটা হওয়ার কথা নয় । শুধু একটা কথাই বলতে চাইÑবিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন