এশিয়ান গেমসে নামার আগেই ডোপ টেস্টে নিষিদ্ধ

এশিয়ান গেমসে নামার আগেই ডোপ টেস্টে নিষিদ্ধ

এশিয়ান গেমসে অংশ নিতে জাপানে গিয়েও কোর্টে নামা হলো না থাইল্যান্ডের উদীয়মান ব্যাডমিন্টন খেলোয়াড় পিচামন ওপাটনিপুথের। ডোপিং পরীক্ষায় নিষিদ্ধ পদার্থ ফুরোসেমাইডের উপস্থিতি পাওয়ার পর ১৯ বছর বয়সী এই খেলোয়াড়কে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি (আইটিএ)।

বিজ্ঞাপন

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৮তম স্থানে থাকা পিচামনের নমুনা সংগ্রহ করা হয়েছিল গত ১৭ সেপ্টেম্বর, প্রতিযোগিতার আগে। মঙ্গলবার দলীয় ইভেন্টে চীনের বিপক্ষে খেলার কথা ছিল তাঁর। কিন্তু নিষেধাজ্ঞার কারণে এশিয়ান গেমস চলাকালে প্রতিযোগিতা, অনুশীলন, কোচিং কিংবা অন্য কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি।

ফুরোসেমাইড শরীর থেকে পানি বের করে দ্রুত ওজন কমাতে ব্যবহৃত হতে পারে। তবে পিচামনের ক্ষেত্রে এটি কীভাবে শরীরে প্রবেশ করেছে, সে বিষয়ে আইটিএ কোনো তথ্য দেয়নি।

সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আবেদন করতে পারবেন পিচামন। পাশাপাশি নিজের ‘বি’ নমুনা পরীক্ষা করার অনুরোধ জানানোর সুযোগও রয়েছে তাঁর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন