ক্রীড়া প্রতিমন্ত্রী নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজবে কমিটি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজবে কমিটি

এশিয়ান গেমসে বাংলাদেশের আশানুরূপ ফল না পাওয়ার কারণ খুঁজে বের করতে অংশ নেওয়া সব ফেডারেশনের পারফরম্যান্স মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালককে একটি মূল্যায়ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আজ রোববার সচিবালয়ে ‘ক্রীড়া কার্ড’-এর আওতায় ক্রীড়াবিদদের বিভিন্ন সুবিধা দেওয়ার বিষয়ে এক সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তবে একটি আসরের ফল দিয়ে পুরো প্রক্রিয়াকে বিচার করতে চান না তিনি। ভুল চিহ্নিত করে শিক্ষা নেওয়ার ওপর গুরুত্ব দেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই এই ভুল থেকে যাতে আমরা শিক্ষা নিই। যে রেজাল্টটা হয়েছে, সেটা অত্যন্ত হতাশাজনক।’

বিজ্ঞাপন

এশিয়ান গেমসে বাংলাদেশ ফুটবল দলের ফলাফল প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী একে ‘অত্যন্ত হতাশাজনক’ বলে উল্লেখ করেন। তবে একটি মাত্র প্রতিযোগিতার ফল দিয়ে পুরো প্রক্রিয়াকে বিচার না করে কোথায় ভুল হয়েছেÑতা চিহ্নিত করে সেখান থেকে শিক্ষা নেওয়ার ওপর জোর দেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের কার্যক্রম পর্যালোচনা করেই বর্তমান কোচ নিয়োগ দিয়েছে। খেলোয়াড়দের নিয়ে একটি প্রক্রিয়া শুরু হয়েছে এবং এর সুফল পেতে কিছুটা সময় লাগতে পারে। শুধু ফুটবল একা নয়, এশিয়ান গেমসে অংশ নেওয়া প্রতিটি ফেডারেশনের পারফরম্যান্স এবং এশীয় অঞ্চলের ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সার্বিক বিষয়ও মূল্যায়নের আওতায় আনা হবে। প্রতিটি ফেডারেশনের কাছ থেকে পারফরম্যান্স ও অন্যান্য বিষয়ে মূল্যায়ন প্রতিবেদন নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিবেদনে দেশের স্টেডিয়ামগুলোতে দোকান বরাদ্দ ও ভাড়ার দীর্ঘদিনের অনিয়মের বিষয়টিও তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তার অভিযোগ, সরকারের কোষাগারে নামমাত্র ভাড়া জমা হলেও প্রকৃত দোকানদারদের কাছ থেকে অনেক বেশি ভাড়া আদায় করা হচ্ছে এবং মাঝের বিপুল অর্থ মধ্যস্বত্বভোগীদের পকেটে যাচ্ছে।

উদাহরণস্বরূপ তিনি জানান, সরকার যেখানে ১,২০০ টাকা ভাড়া পাচ্ছে, সেখানে দোকানদারকে ৫০ হাজার টাকা পর্যন্ত ভাড়া দিতে হচ্ছে। এই অনিয়ম রোধ করতে কমলাপুর স্টেডিয়াম, ঢাকা স্টেডিয়াম ও মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ভাড়ার কাঠামো পর্যালোচনায় একটি কমিটি গঠন করা হয়েছে। অতীত ও বর্তমানের ভাড়ার কাঠামো পর্যালোচনা করে কীভাবে সরকারকে রাজস্ব ক্ষতি থেকে রক্ষা করা যায়, সে বিষয়ে এই কমিটি সুনির্দিষ্ট সুপারিশ প্রদান করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন