ভুটানের লিগে খেলবেন বাংলাদেশের ১০ নারী ফুটবলার। এরই মধ্যে লিগ খেলতে গত ৬ এপ্রিল ভুটান গেছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। তারা পারো এফসির হয়ে খেলবেন। মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপনা চাকমা ভুটান যাওয়ার অপেক্ষায় আছেন। আগামী ১১ এপ্রিল ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলতে ভুটানের বিমান ধরবেন এই দুজন। এছাড়া আরো ৪ নারী ফুটবলার ভুটানের লিগে খেলার সুযোগ পেয়েছেন। সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র থিম্পু সিটির হয়ে খেলবেন। আর ট্রান্সপোর্ট ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেছেন কৃষ্ণা রাণী সরকার। নতুন করে আরো ৪ জনের ভুটান লিগে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ এম করিম। তিনি আমার দেশকে বলেন, ট্রান্সপোর্ট ইউনাইটেড মোসাম্মৎ সাগরিকাকে দলে নিতে চেয়েছিল। কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী বয়স ১৮ পূর্ণ হয়নি তার। যে কারণে সাগরিকার জায়গায় কৃষ্ণাকে দলে নিয়েছে ট্রান্সপোর্ট। এরই মধ্যে ভুটান লিগে নতুন করে সুযোগ পাওয়া খেলোয়াড়দের ছাড়পত্র দিয়েছে বাফুফে। তারা যে লিগে খেলতে যাচ্ছেন, এটা নিশ্চিত করেছেন ফাহাদ করিম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

