তাইজুলের লড়াইয়ের পর বাংলাদেশের সংগ্রহ ২৪৭

তাইজুলের লড়াইয়ের পর বাংলাদেশের সংগ্রহ ২৪৭

কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বাজে ব্যাটিংয়ের দিনে শেষদিকে আশার আলো হয়ে ছিলেন তাইজুল ইসলাম। প্রথম দিন শেষে অপরাজিত ছিলেন এই টেল এন্ডার ব্যাটার। দ্বিতীয় দিনে দলকে আড়াইশর কাছাকাছি টেনে নিয়ে গেছেন তিনি। শেষ ব্যাটার হিসেবে তাইজুল ৩৩ রানে আউট হতেই বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৭৯.৩ ওভারে ২৪৭ রানে। ক্রিজে অপরাজিত থাকেন নাহিদ রানা (০)।

বিজ্ঞাপন

সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে প্রথম ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটার ফিফটি করতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন ওপেনার সাদমান ইসলাম। বাকি ব্যাটারদের কেউ আর কেউ চল্লিশের ঘরও ছুঁতে পারেননি।

দলীয় স্কোরে মুশফিকুর রহিম ৩৫, লিটন দাস ৩৪, তাইজুল ৩৩, মেহেদি হাসান মিরাজ ৩১ রান যোগ করে ফেরেন সাজঘরে। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে নাঈম হাসান ২৫ আর মুমিনুল হক ২১ রানের বেশি সংগ্রহ করতে পারেননি।

কলম্বোর গতকাল উইকেটের মিছিলের শুরুটা হয়েছিল ওপেনার এনামুল হককে দিয়ে। একবার জীবন পেয়েও শূন্য রানে ফিরে যান এই ওপেনার। আসিথা ফার্নান্দোর অফ স্টাম্পের বাইরের ডেলিভারি পাঞ্চ করতে গিয়ে বোল্ড হন তিনি। এরপর মুমিনুল ও সাদমানের জুটিতে প্রথম ঘণ্টায় আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।

তবে জুটি ধরে রাখতে পারেননি মুমিনুল। ধনঞ্জয়া ডি সিলভার দুই ড্রপ খেতে যাওয়া বল কাভার ফিল্ডারের হাতে তুলে দিয়ে শেষ হয় তার ৩৯ বলে তিন চারে ২১ রানের ইনিংস। ক্রিজে এসে টিকতে পারেনি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গল টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকানো শান্ত বিশ্ব ফার্নান্দোর অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা বিদায় নেন ৮ রানে।

শান্ত বিদায়ের পর একই পথ ধরেন সাদমানও। থারিন্দু রত্নায়েকের অফ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে স্লিপে ধনঞ্জয়ার তালুবন্দি হন ৪৬ রান করা সাদমান । এরপর শুরু হয় বৃষ্টি। একশ রানের আগে চার ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যাওয়া বাংলাদেশ তাতে যেন স্বস্তি পায়।

বৃষ্টি থামলে পঞ্চাশ রানের জুটিতে দলকে এগিয়ে নেন মুশফিক ও লিটন। লিটন অবশ্য দুইবার জীবন পেলেও কাজে লাগাতে পারেননি। তাকে ৩৪ রানে ফিরিয়ে অভিষেকে উইকেট পান সোনাল দিনুশা। এরপর চা বিরতি থেকে এসে দিনুশাকেই উইকেট বিলিয়ে দেন ৩৫ রান করা মুশফিক। মিরাজ থিতু হয়েও ফিরে যান ৩১ রান করে। টিকতে পারেননি নাঈম হাসানও। আসিথার বল এলোমেলো করে দেয় ২৫ রান করা নাঈমের স্টাম্প।

দ্বিতীয় দিনের শুরুতেই ৮ রান করে বিদায় নেন ইবাদত। এরপর আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট দিয়ে আসেন ৩৩ রান করা তাইজুলও। তাতেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো ও সোনাল দিনুশা। ২টি উইকেট দখল করেন বিশ্ব ফার্নান্দো। ১ টি করে উইকেট নেন থারিন্দু রত্নায়েকে ও ধনঞ্জয়া ডি সিলভা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৪৭/১০, ৭৯.৩ ওভার (সাদমান ৪৬, মুশফিক ৩৫, লিটন ৩৪, তাইজুল ৩৩, মিরাজ ৩১, নাঈম ২৫ ও মুমিনুল ২১; দিনুশা ৩/২২, আসিথা ৩/৫১, বিশ্ব ২/৪৫)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন