চ্যাম্পিয়নস ট্রফি

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মুখোমুখি আজ

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মুখোমুখি আজ

আজ চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে দুই প্রভাবশালী দল- অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। এই দুই পরাশক্তি দলের ম্যাচ সব সময় হাই ভোল্টেজেরই হয়ে থাকে। এবার ব্যতিক্রম হওয়ার কথা নয়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বেলা ৩টায় ‘বি’ গ্রুপের দুদলের লড়াই বাড়তি রোমাঞ্চ ও প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ ছড়াবে, তাতে সন্দেহ নেই। অবশ্য অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্স অতটা উজ্জ্বল নয়। শ্রীলঙ্কার কাছে ২-০ ও পাকিস্তানের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অন্যদিকে, গত বিশ্বকাপে ব্যর্থতার পর ওয়ানডে সিরিজ জেতেনি ইংল্যান্ড। সর্বশেষ ভারতের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় দলটি। তবে এসব ব্যর্থতা ঝেড়ে ফেলে চ্যাম্পিয়নস ট্রফিতে স্বরূপেই ফিরতে চায় তারা।

সর্বশেষ গত সেপ্টেম্বরে অ্যাশেজ সিরিজে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ঘরের মাঠে ইংলিশদের সিরিজে ৩-২ ব্যবধানে হারায় অজিরা। অবশ্য এরপর অনেক সময় গড়িয়েছে, অনেক কিছুতেই পরিবর্তন এসেছে। চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দল থেকে পাঁচ গুরুত্ব ক্রিকেটারকে হারায় অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে পেস আক্রমণের সেরা তিন ‘অস্ত্র’ প্যাট কামিন্স, জস হ্যাজলউড ও মিচেল স্টার্ক টুর্নামেন্ট থেকে ছিটকে যান। তা ছাড়া চোটের কারণে মিচেল মার্শ, ক্যামেরুন গ্রিন ও মার্কুস স্টয়নিসকেও পাচ্ছে না অস্ট্রেলিয়া। চোট জর্জর এই অস্ট্রেলিয়া দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভেন স্মিথ। ভাঙাচোরা দলকে বড় সাফল্যের পথে নিয়ে যাওয়ার পণ তার।

বিজ্ঞাপন

আজ সবার চোখ থাকে বিস্ফোরক ওপেনার ট্রাভিস হেডের দিকে। লাহোরের মাঠে ১০১ ও ৮৯ রানের ইনিংস খেলার রেকর্ড আছে তার। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে হেডের ১৫৪* রানের ইনিংসটি অবিস্মরণীয়। অবশ্য অস্ট্রেলিয়ার শক্ত ব্যাটিং লাইনআপ ভেঙে দিতে সব কৌশল নেবে ইংল্যান্ড। তাদের পেস অ্যাটাকে জোফরা আর্চার, ব্রাইডন কার্স ও মার্ক উডের সঙ্গে স্পিনে বাজিমাত করতে পারেন আদিল রশিদ। হেড বলেছেন, পেস অ্যাটাকে অলআউট খেলার চেষ্টায় থাকবে ইংল্যান্ড। তাদের বোলিং শক্তি অত্যন্ত উঁচু মানের। নির্ভার থাকার কোনো সুযোগ নেই। তবে চ্যালেঞ্জ জিততে প্রস্তুত তারা।

অন্যদিকে, ইংল্যান্ড একাদশে থাকছেন উদীয়মান উইকেটরক্ষক ও ব্যাটার জেমি স্মিথ। তার তিনে নামার সম্ভাবনাই প্রবল। সম্প্রতি ভারতের বিপক্ষে দারুণ ফর্মে থাকা বেন ডাকেট ব্যাটিংয়ের শুরুটা করবেন। তাদের ব্যাটিংয়ের মেরুদণ্ড হলেন জো রুট। আদিল রশিদ জানালেন, সম্প্রতি ভারতের বিপক্ষে কী হয়েছে, না হয়েছে, তা নিয়ে ভাবছেন না তারা। দলে প্রতিভাবান ও বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। স্কোয়াডে যে ম্যাচ-উইনাররা আছেন, তারা টুর্নামেন্ট জেতাতে সক্ষম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন