অ্যাথলেটিকোর জালে এক হালি গোল পিএসজির

অ্যাথলেটিকোর জালে এক হালি গোল পিএসজির

চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়নদের মতোই ক্লাব বিশ্বকাপ শুরু করলো পিএসজি। স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিলো প্যারিসের ক্লাবটি।

ক্যালিফোর্নিয়ার রোজ বোলে রোববার হাইভোল্টেজ ম্যাচটিতে পিএসজির হয়ে একটি করে গোল করেন ফাবিয়ান রুইস, ভিতিনিয়া, সেনি মায়ুলু ও লি কাং-ইন।

ম্যাচে প্রায় ৭৫ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য ১৬টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে পিএসজি। বিপরীতে, আতলেতিকোর পাঁচ শটের একটিই কেবল লক্ষ্যে ছিল।

ম্যাচের ১৯তম মিনিটে প্রথম গোলটি পায় পিএসজি। খাভিচা কাভারাৎসখেলিয়ার ব্যাকপাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে দলকে এগিয়ে নেন রুইস। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া।

দ্বিতীয়ার্ধের ৭৮তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের ফলে লাল কার্ড দেখেন অ্যাথলেটিকোর ডিফেন্ডার ক্লেমোঁ লংলে। দশজনের দলটির বিপক্ষে ৮৩তম মিনিটে পিএসজির তৃতীয় গোলটি করেন সেনি মায়ুলু।

আর যোগ করা সময়ের শেষ মিনিটে সফল স্পট কিকে অ্যাথলেটিকোর কফিনে শেষ পেরেক ঠুকে দেন দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার কাং-ইন।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন