প্রবাসী খেলোয়াড়দের আগমনে যে ক্রেজ তৈরি হয়েছে দেশের ফুটবলে, এতে নানা ধরনের স্পন্সর পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই ধারাবাহিকতায় ফুটবল পার্টনারও পেল বাংলাদেশ। আগামী তিন বছরের জন্য জাপানের ফুটবল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘মল্টেন করপোরেশন’ সঙ্গে চুক্তি করেছে বাফুফে। এতে আনুষ্ঠানিকভাবে বাফুফের ফুটবল পার্টনার হিসেবে নতুন পথচলা শুরু হলো বিদেশি প্রতিষ্ঠানটির। এর আগে বাফুফের কোনো ফুটবল পার্টনার ছিল না। প্রথমবারের মতো এই চুক্তি হয়েছে।
প্রতি বছর মল্টেন করপোরেশন থেকে দুই হাজার ফুটবল কিনবে বাফুফে। পাশাপাশি আরো দুই হাজার ফুটবল বিনামূল্যে বাফুফেকে দেবে জাপানিজ প্রতিষ্ঠানটি। গতকাল বাফুফে ভবনে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফে সহসভাপতি ফাহাদ করিম জানান, যে দুই হাজার বল বাফুফে কিনবে সেখানে বাংলাদেশ এএফসি সদস্য হওয়ায় বিশেষ ছাড় পাবে। প্রতি বছর ফুটবল কিনতে গিয়ে এক কোটি ৩০ লাখ টাকা খরচ হয় বাফুফের। মল্টেন করপোরেশনের সঙ্গে নতুন চুক্তির ফলে প্রতি বছর ৫০ লাখ টাকা সাশ্রয় হবে তাদের। তবে জাপানিজ প্রতিষ্ঠানটির কাছ থেকে কত টাকায় দুই হাজার বল কেনা হবে, সেটি নির্দিষ্ট করে বলেননি ফাহাদ করিম। তিনি জানান, বলের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। সে অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়। দুই হাজারের বাইরে যখন আরো বল কিনবে বাফুফে, সেখানেও ছাড়ের ব্যবস্থা থাকবে। জাতীয় দল থেকে শুরু করে প্রতি বছর প্রচুর ফুটবল প্রয়োজন হয় বাফুফের। আগামী তিন বছর মল্টেন করপোরেশন ফুটবল সরবরাহ করবে। চুক্তি সম্পাদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মল্টেন করপোরেশনের এশিয়ান গ্রুপ লিডার তাকাশি ওজাকি, বাফুফের সহসভাপতি ফাহাদ করিম, মো. নাসের শাহরিয়ার জাহেদী, মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি)।
এর আগে বাংলাদেশ জাতীয় দলের অফিসিয়াল জার্সি পার্টনার ছিল না। প্রতি বছর জার্সির পেছনে কোটি টাকা খরচ করতে হয় বাফুফেকে। তবে দৌড় নামের নতুন এক ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তার জাতীয় দলের সব জার্সি বিনামূল্যে সরবরাহ করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

