লঙ্কায় চোখ মুশফিকের ব্যাটে

লঙ্কায় চোখ মুশফিকের ব্যাটে

১৪ ম্যাচে এক জয়, দুই ড্র। বাকি ১১ ম্যাচেই শ্রীলঙ্কার কাছে তাদের মাটিতে হেরেছে বাংলাদেশ। এই ১১ হারের মধ্যে ৭টিই আবার ইনিংস ব্যবধানে। লঙ্কানদের মাটিতে সাদা পোশাকে বারবারই হতাশ হয়ে ফিরতে হয় বাংলাদেশকে।দেশটির মাটিতে দলের এমন বিপর্যস্ত পরিসংখ্যানে খানিকটা উজ্জ্বল মুশফিকুর রহিম। লঙ্কার মাটিতে এখন পর্যন্ত ৮ টেস্ট খেলে ৬২.৬৩ গড়ে করেছেন ৬৮৯ রান। এ সময় তার ব্যাটে এসেছে এক সেঞ্চুরি ও তিন হাফ সেঞ্চুরি।

বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট সাফল্য নেই বললেই চলে। তবুও গত টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দেশের বাইরে চার টেস্টে জয় পায় বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় এবার শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে ভালো শুরু করতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি। তবে যাদের নিয়ে স্বাগতিক বধের পরিকল্পনা তার, তারাই তো একরকম ব্যর্থ লঙ্কার মাটিতে।

বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে মুশফিক ছাড়া আর কোনো ক্রিকেটার লঙ্কার মাটিতে সাদা পোশাকে নিজেদের রান ৫০০-এর উপরে নিতে পারেননি। মুশফিকের পরের অবস্থানে থাকা মমিনুল হক ৫ টেস্টে করেছেন ৩৯৯ রান। তিনে থাকা অধিনায়ক শান্তর ব্যাটে এসেছে দুই টেস্টে ১৮৯ রান। অধিনায়কের ব্যাটেও খুব বেশি রান না এলেও লঙ্কার মাটিতে ১৬৩ রানের এক মহাক্যাবিক ইনিংস খেলার অভিজ্ঞতা আছে তার। এই স্বল্প অভিজ্ঞতায় কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারে বাংলাদেশ- সেটাই এখন দেখার অপেক্ষা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন