ইতালি ফেরত গেলেন ফাহামিদুল

হামজাকে নিয়ে পরিকল্পনা সাজাবেন কোচ কাবরেরা

হামজাকে নিয়ে পরিকল্পনা সাজাবেন কোচ কাবরেরা

বাংলাদেশের সামনে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রতিপক্ষ ভারত। এই ম্যাচের আগে ইংল্যান্ড থেকে বাংলাদেশে উড়ে এসেছেন ইংলিশ লিগে খেলা ফুটবলার দেওয়ান হামজা চৌধুরী। অপরদিকে সৌদি আরবের তায়েফে প্রস্তুতি ক্যাম্প শেষে গত মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলও। গতকাল রাতেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে হামজার। দলে যোগ দেওয়ার পর এই তারকা মিডফিল্ডারকে নিয়ে ভারত ম্যাচের পরিকল্পনা সাজাবেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। সৌদি আরব থেকে দেশে ফেরার পর বাংলাদেশ দলের এই স্প্যানিশ কোচ বলেছেন, হামজার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ হয় তার। বাংলাদেশ দলের হয়ে খেলতে খুবই ইতিবাচক হামজা। তার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন কাবরেরা নিজেও। এই কোচ জানান, গত এক সপ্তাহ ধরে তার সঙ্গে হামজার যোগাযোগ হচ্ছে। তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর ভারতের বিপক্ষে ম্যাচে কীভাবে সফল হওয়া যায়, সেই পরিকল্পনা সাজাবেন। কাবরেরা বলেন, ‘হামজার অভিজ্ঞতা দলে প্রভাব পড়বে নিশ্চয়ই। তার নেতৃত্ব, পেশাদারিত্ব কাজে দেবে। আমি মনে করি, জাতীয় দলের হয়ে সেও খেলতে মুখিয়ে আছে। দলের অন্য খেলোয়াড়রাও তার সঙ্গে খেলতে উন্মুখ হয়ে আছে। সবকিছু মিলে ভালো কিছু হবে।’

ভারতের বিপক্ষে ম্যাচে হামজা খেললেও থাকছেন না ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। সৌদিতে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন এই তরুণ ফরোয়ার্ড। কিন্তু দলের সঙ্গে মানিয়ে নিতে পারেননি। তাকে নানাভাবে পরখ করেছেন কোচ। তবে ফাহামিদুলকে একেবারে বাদ দেওয়া হয়নি। ভারতের বিপক্ষে ম্যাচের আগে সময় কম। দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ফাহামিদুলকে লম্বা সময় দিতে হবে। পরবর্তীতে এই ফুটবলারকে দলে ডাকা হবে। কাবরেরা জানান, প্রত্যাশা শতভাগ পূরণ করতে না পারায় সৌদি থেকেই ইতালি গেছেন ফাহামিদুল। বাংলাদেশ কোচ বলেন, ‘এ মুহূর্তে তার চেয়ে অন্যরা বেশি প্রস্তুত। সে খুবই তরুণ। দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তার আরো সময় প্রয়োজন।’ অন্যদিকে, ভারত ম্যাচে হামজাকে খেলালেও দলের সঙ্গে তার মানিয়ে নেওয়ার ক্ষেত্রে খুব একটা সময় হাতে নেই। কোচিং স্টাফ, অন্য খেলোয়াড়ের সঙ্গে বোঝাপড়ার একটা ব্যাপার আছে। তবে হামজাকে ঘিরে বেশ আত্মবিশ্বাসী কাবরেরা।

বিজ্ঞাপন

সৌদিতে যে প্রস্তুতি ক্যাম্প হলো, এই প্রস্তুতি নিয়ে জোর আলোচনা রয়েছে যে, ভারত ম্যাচে এই ক্যাম্প কতটা কাজে দেবে। অবশ্য কোচ কাবরেরা মনে করেন, সৌদিতে দল ভালোভাবে প্রস্তুত হয়েছে। তিনি জানান, সৌদিতে ১২ দিন ভালো মানের সুযোগ-সুবিধার মধ্যে অনুশীলন হয়েছে। পরিবেশ বেশ ভালো ছিল। তবে প্রস্তুতি ম্যাচ খেলার অভাববোধ করেছেন কোচ। তিনি বলেন, ‘আমরা বেশি প্রস্তুতি ম্যাচ খেলাটা মিস করেছি। তবে এটা সত্য, প্রস্তুতি নিয়ে আমি অনেক খুশি। ভারতের বিপক্ষে ম্যাচের চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমরা মুখিয়ে আছি।’ আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে আজ হামজা চৌধুরীকে নিয়ে ঢাকার মাঠে অনুশীলনে ঘাম ঝরাবেন স্প্যানিশ কোচ কাবরেরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন