সুপার ফোরে ভারত-পাকিস্তান মহারণ রবিবার

সুপার ফোরে ভারত-পাকিস্তান মহারণ রবিবার

এশিয়া কাপে ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ। সুপার ফোরের লড়াইয়ে এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ আবার একে অপরের মুখোমুখি হচ্ছে। নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করে পাকিস্তান। আর তাতেই গ্রুপ চ্যাম্পিয়ন ভারতকে পেয়েছে সালমান আলী আগার দল। ২১ সেপ্টেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ভারত ও পাকিস্তান।

বিজ্ঞাপন

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ইস্যুতে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে ম্যাচ বর্জনের ডাক দেয় পাকিস্তান। এরপর বৈঠক-আলোচনা, সংশয়, শঙ্কা সব উড়িয়ে শেষ পর্যন্ত খেলতে নামা পাকিস্তান মাঠে প্রমাণ করল নিজেদের। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচে টস হেরে আগে ব্যাট করে পাকিস্তান তোলে ৯ উইকেটে ১৪৬ রান। জবাবে ১৪ বল বাকি থাকতে স্বাগতিক আরব আমিরাত অলআউট হয় মাত্র ১০৫ রানে।

পাকিস্তানকে লড়াকু পুঁজি এনে দেন অভিজ্ঞ ফখর জামান। খেলেন ৩৬ বলে ৩ ছক্কা ও ২ চারে ৫০ রানের ইনিংস। শেষদিকে ১৪ বলে ২ ছক্কা ও ৩ চারে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন শাহীন শাহ আফ্রিদি। জবাবি ইনিংসে দ্রুত ৩ উইকেট হারালেও মিডল অর্ডারে রাহুল চোপড়া ও ধ্রুব পারাশার প্রতিরোধ গড়ে তোলেন। রাহুল চোপড়া ও পারাশার চতুর্থ উইকেটে ৪৮ রানের জুটি পাকিস্তানকে কিছুটা ভয় পাইয়ে দেয়। তবে শাহীন, হারিস রউফ, আবরার আহমেদের সাঁড়াশি আক্রমণের সঙ্গে পেরে ওঠেননি তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন রাহুল। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন শাহীন, আবরার ও রউফ।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান : ২০ ওভারে ১৪৬/৯ (ফখর ৫০, শাহীন ২৯*, সালমান ২০; জুনায়েদ ৪/১৮, সিমরানজিৎ ৩/২৬)

আরব আমিরাত : ১৭.৪ ওভারে ১০৫/১০ (রাহুল ৩৫, পারাশার ২০, ওয়াসিম ১৪; শাহীন ২/১৬, আবরার ২/১৩, হারিস ২/১৯)

ফল : পাকিস্তান ৪১ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : শাহীন আফ্রিদি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...