ভারতে শিরোপা জিতলেন বাংলাদেশের গলফার জামাল

ভারতে শিরোপা জিতলেন বাংলাদেশের গলফার জামাল

ভারী বর্ষণে চূড়ান্ত রাউন্ড বাতিল হয়ে যাওয়ায় এনএসএল লাক্স প্রেজেন্টস তেলেঙ্গানা গোলকোন্ডা মাস্টার্স ২০২৫-এর শিরোপা জিতলেন বাংলাদেশের জামাল হোসেন। আজ শুক্রবার হায়দরাবাদ গলফ অ্যাসোসিয়েশনে (এইচজিএ) ৫৪ হোল শেষে অর্জিত স্কোরের ভিত্তিতেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে তাকে।


তৃতীয় রাউন্ড শেষে ২৩ আন্ডার পার ১৮৭ স্কোর নিয়ে চার শটের লিডে ছিলেন জামাল। ৬১, ৬২ ও ৬৪ স্কোর করে এগিয়ে ছিলেন শুরু থেকেই। এ জয় তার ক্যারিয়ারের ষষ্ঠ এবং গত বছরের নভেম্বরে সর্বশেষ শিরোপা জেতার পর প্রথম সাফল্য। ৪০ বছর বয়সী ঢাকার এই গলফার ১৫ লাখ রুপি প্রাইজমানি জিতে পিজিটিআই অর্ডার অব মেরিট তালিকায় ১৪তম স্থান থেকে উঠে এসেছেন ১০ম স্থানে।


চণ্ডীগড়ের অক্ষয় শর্মা (৬২-৬৪-৬৫) তিন রাউন্ডে ১৯ আন্ডার পার ১৯১ স্কোর করে রানার্সআপ হয়েছেন। তিনি পান ১০ লাখ রুপি এবং মেরিট তালিকায় উঠে এসেছেন ২১তম স্থানে। বেঙ্গালুরুর খলিন জোশি (৬৫-৬৬-৬৬) ১৩ আন্ডার পার ১৯৭ স্কোর নিয়ে শেষ করেছেন তৃতীয় স্থানে।


দিল্লির অর্জুন প্রসাদ ষষ্ঠ হয়েছেন ১১ আন্ডার পার ১৯৯ স্কোরে। মৌসুমে তার আয় দাঁড়িয়েছে ৬৯ লাখ ৭১ হাজার ৫৯৯ রুপি, যা তাকে ধরে রেখেছে দ্বিতীয় স্থানে। চণ্ডীগড়ের যুবরাজ সান্ধু, যিনি এই আসরে খেলেননি, মৌসুমে ৮৮ লাখ ৬৭ হাজার ২০০ রুপি আয় নিয়ে এখনো শীর্ষে আছেন।


স্থানীয়দের মধ্যে সেরা হয়েছেন হায়দরাবাদের বিশেষ শর্মা। তিনি যৌথভাবে শেষ করেছেন ২২তম স্থানে (ফাইভ আন্ডার পার ২০৫)।


টুর্নামেন্ট শেষে জামাল বলেন, 'এই মৌসুমে কয়েকবার কাছাকাছি গিয়েও জিততে পারিনি। অবশেষে শিরোপা জেতায় খুবই আনন্দিত। আবহাওয়া আমাদের হাতে নেই, তবে আমি পুরো সপ্তাহ ধরে ধারাবাহিক খেলেছি। ড্রাইভিং আর পাটিং আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। প্রথম রাউন্ডের ৬১ স্কোরই আসলে টুর্নামেন্টটা তৈরি করে দিয়েছে।'


তিনি আরও বলেন, 'আমার পরের লক্ষ্য দিল্লিতে ডিপি ওয়ার্ল্ড ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপে ভালো খেলা। আমি মনে করি, সেই আসরের জন্য ধীরে ধীরে আমার ফর্ম তৈরি হচ্ছে।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন