এবার টি-টোয়েন্টি সিরিজ হারল ওয়েস্ট ইন্ডিজ

এবার টি-টোয়েন্টি সিরিজ হারল ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ড সফরটা ভুলে যাওয়ার মতো কাটছে ওয়েস্ট ইন্ডিজের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবল ধোলাই হয়েছে ক্যারিবিয়ানরা। এবার এক ম্যাচ হাতে রেখেই ইংলিশদের কাছে টি-টোয়েন্টি সিরিজ তুলে দিলো তারা। কুড়ি ওভারের দ্বিতীয় ম্যাচে চার উইকেটে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে ২১ রানে হেরেছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

হারলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের পুঁজিটা মোটেও ছোট ছিল না। ব্রিস্টলে আগে ব্যাট করতে নেমে ১৯৬ রান জড়ো করে সফরকারীরা। জবাব দিতে নেমে ৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংল্যান্ড। বড় লক্ষ্যের পেছনে ছুঁটতে গিয়ে স্বাগতিকদের হয়ে ফিফটির দেখা পাননি কেউ। যদিও জস বাটলালের ফিফটি ছোঁয়া ইনিংসের পাশাপাশি হ্যারি ব্রুক, বেন ডাকেট, টম ব্যান্টনদের প্রচেষ্টায় রান তাড়া করতে বেগ পেতে হয়নি ইংল্যান্ডকে।

বিজ্ঞাপন

৩৬ বলে চারটি চার এবং দুটি ছয়ের সাহায্যে ৪৭ রানের ইনিংস খেলেন বাটলার। ২০ বলের মোকাবেলা করা ব্রুক এনে দেন ৩৪ রান। ১৮ বলে ৩০ রান করেন ডাকেট। সমান রান করতে ১১ বল খেলেন ব্যান্টন। এছাড়া ১০ বলে ২৬ রান করেন জ্যাকব বেথেল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৫ রানে দুই উইকেট নেন আলজারি জোসেফ।

এর আগে টস হারা ওয়েস্ট ইন্ডিজের হয়েও কোনো ব্যাটার অর্ধশতকের ঘরে পৌঁছাতে পারেননি। ৪৯ রান এনে দেন শাই হোপ। ৩৮ বল খেলেন তিনি। ৩৯ বলে ৪৭ রান করেন জনসন চার্লস। ১৫ বল খেলা রোভম্যান পাওয়েলের অবদান ৩৪ রান। ৯ বলে ২৯ রানে অপরাজিত থাকেন জেসন হোল্ডার। অতিথিদের রান উৎসবের দিনে বাকি বোলারদের থেকে ব্যতিক্রম ছিলেন লুক উড। দীর্ঘ ২০ মাস পর জাতীয় দলের হয়ে খেলতে নেমে দুই উইকেট নেন এই পেসার। চার ওভারে তার খরচ মোটে ২৫ রান। প্রত্যাবর্তনেই ম্যাচসেরার পুরস্কার জেতেন উড।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ১৯৬/৬ (২০ ওভার); হোপ ৪৯, চার্লস ৪৭; উড ২/২৫

ইংল্যান্ড: ১৯৯/৬ (১৮.৩ ওভার); বাটলার ৪৭, ব্রুক ৩৪, ডাকেট ৩০; জোসেফ ২/৪৫

ফল: ইংল্যান্ড চার উইকেটে জয়ী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন