নেপালের বিপক্ষে ড্র করলেই চলতো। কিন্তু এক পয়েন্টের দিকে তাকিয়ে থাকেনি বাংলাদেশ। শেষ ম্যাচে হিমালয় কন্যাদের ৪-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এই জয়ের পর উত্তরায় বিমান দূর্ঘটনায় নিহতদের গোল ও শিরোপা উৎসর্গ করেছে তারা।
সোমবার (২১ জুলাই) দুপুর একটার দিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সবশেষ খবর অনুযায়ী, সেই দূর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। বিমান দূর্ঘটনার খবর শুনেই গতকাল সন্ধ্যা সাতটায় নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। শোককে শক্তিতে পরিণত করে দলটির বিপক্ষে দাপুটে ফুটবল উপহার দেয় স্বাগতিকরা। দলের হয়ে সবকটি গোলই করেন মোসাম্মৎ সাগরিকা। নিজের প্রথম গোলটি নিহতদের উৎসর্গ করেছেন এই ফরোয়ার্ড।
ম্যাচ শেষে সাগরিকা বলেন, ‘এটা আমাদের জন্য দুঃখজনক। ওই দূর্ঘটনায় অনেকেই নিহত এবং অনেকেই আহত হয়েছে। আমরা সবাই তাদের জন্য দুঃখিত। আমাদের দেশে এমন ঘটনা ঘটেছে এজন্য কষ্ট লাগছে। আমি আমার প্রথম গোলটি নিহতদের জন্য উৎগর্স করছি।’
অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘মাঠে নামার আগেই আমরা উত্তরার বিমান দূর্ঘটনার খবর শুনতে পাই। আমাদের চিন্তা ছিল যে ম্যাচটি তাদের জন্য খেলব। যারা নিহত হয়েছেন তাদের জন্য জয় উৎসর্গ করব। আমরা সেটা করতে পেরেছি। আমরা নিহতদের স্মরণে এই জয় উৎসর্গ করছি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

