ইংল্যান্ড-ভারত তৃতীয় টেস্ট

লর্ডসের প্রথম দিন ইংল্যান্ডের

লর্ডসের প্রথম দিন ইংল্যান্ডের

লর্ডসে দেখে-শুনেই ব্যাটিং করছিল ইংল্যান্ড। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ করেই ঘটে ছন্দপতন। স্বাগতিক ইংলিশদের ব্যাটিং লাইনআপে আঘাত হানেন নিতীশ কুমার রেড্ডি। তার তোপেই মড়ক লাগে টপ-অর্ডারে। ফিরে যান দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। তবে বিপদের সময়ে দলের ব্যাটিংয়ের হাল ধরেন জো রুট ও অলি পোপ।

বিজ্ঞাপন

বিপর্যয় এড়িয়ে দুজনের জুটিতে স্বাচ্ছন্দ্যে এগিয়েছে অধিনায়ক বেন স্টেকসের দল। প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।



তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের দলীয় স্কোর ৪৩ রানে পৌঁছাতেই সাজঘরের পথ ধরেন ওপেনার বেন ডাকেট। নিতীশের বলে উইকেটের পেছনে রিশব পন্তের গ্লাভসে ধরা পড়েন তিনি। ডাকেটের ব্যাট থেকে আসে মাত্র ১৮ রান। খেলা হয়েছে তখন মাত্র ১৩.৩ ওভার।

তিন বল পর ফের তোপ দাগেন নিতীশ। এবার একই কায়দায় উইকেট থেকে বিদায় হন জ্যাক ক্রলি। ক্রলিকে সন্তুষ্ট থাকতে হয় ২৩ রানে। ক্রিজের এক প্রান্ত আগলে রেখে জো রুট সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থেকে এখনো ব্যাট চালিয়ে যাচ্ছেন। ১৯১ বলে ৯ বাউন্ডারিতে ৯৯ রানের দাপুটে ইনিংস খেলে উইকেটে টিকে আছেন রুট। ৩৯ রান নিয়ে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন বেন স্টোকস। আর ৪৪ রান যোগ করেন অলি পোপ। নিতীশ পেয়েছেন দুই উইকেট।


তার আগে ক্রিকেটের তীর্থভূমিতে টস জিতে নেন ইংল্যান্ড অধিনায়ক। টসে জিতেই ব্যাটিং বেছে নেন স্টোকস।


লিডসে প্রথম টেস্ট জিতে এগিয়েছিল ইংল্যান্ড। বার্মিংহামে অধিনায়ক শুবমান গিলের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্ট সিরিজে সমতায় ফিরেছে অতিথি ভারত। পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ এ সমতা।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড প্রথম ইনিংস : ২৫১/৪, ৮৩ ওভার (রুট ৯৯ ব্যাটিং, পোপ ৪৪, স্টোকস ৩৯ ব্যাটিং, ডাকেট ২৩, ক্রলি ১৮; নিতীশ ২/৪৬, জাদেজা ১/২৬ ও বুমরাহ ১/৩৫)। *প্রথম দিন শেষে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন