শ্রীলঙ্কার মাটিতে হারে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি শেষ অস্ট্রেলিয়ার

শ্রীলঙ্কার মাটিতে হারে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি শেষ অস্ট্রেলিয়ার

টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। কিন্তু ওয়ানডে সিরিজে ঘটল উল্টোটা। এবার শ্রীলঙ্কার কাছে সেই অস্ট্রেলিয়াই দাঁড়াতে পারল না।

বিজ্ঞাপন

একদিনের প্রথম ম্যাচে লঙ্কানদের কাছে ৪৯ রানে ধরাশায়ী হয়েছিল অজিরা। শুক্রবার কলম্বোয় অস্ট্রেলিয়া বিধ্বস্ত হয়েছে ১৭৪ রানে। টসে জিতে ব্যাট করতে নেমে চারিথ আসালাঙ্কার দল সংগ্রহ করেছিল ২৮১ রান। রান তাড়ায় নেমে অস্ট্রেলিয়া ধসে গেছে মাত্র ১০৭ রানে।

৫০ ক্রিকেটে এশিয়ার মাটিতে এটি অস্ট্রেলিয়ার সর্বনিম্ন সংগ্রহ। আর সব মিলিয়ে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় পুঁজি। আর তাতেই দুই ম্যাচের ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কা নিজেদের করে নিয়েছে ২-০ ব্যবধানে। চ্যাম্পিয়নস ট্রফির আগে হোয়াইটওয়াশ হওয়ায় প্রস্তুতিটা মোটেই ভালো হলো না অজিদের।

বাজে ব্যাটিংয়ের পসরা সাজিয়ে শেষ ২৮ রান তুলতে গিয়ে অস্ট্রেলিয়া খোয়ায় ৭ উইকেট। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক স্টিভেন স্মিথ। স্পিনার দুনিথ ভেল্লালাগে শিকার করেন ৪ উইকেট। ৩টি করে উইকেট নেন হাসারাঙ্গা ও আসিথা ফার্নান্দো।

আসালাঙ্কা খেলেছেন ৭৮ রানের দাপুটে এক ইনিংস। তবে কুশল মেন্ডিস হাঁকিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি (১০১)। নিশান মাদুশকা ৫১ রানে আউট হন।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২৮১/৪, ৫০ ওভার (কুশল ১০১, আসালাঙ্কা ৭৮*; অ্যাবট ১/৪১ ও জাম্পা ১/৪৭)।

অস্ট্রেলিয়া: ১০৭/১০, ২৪.২ ওভার (স্মিথ ২৯, ইংলিস ২২; ভেল্লালাগে ৪/৩৫ ও হাসারাঙ্গা ৩/২৩)।

ফল: শ্রীলঙ্কা ১৭৪ রানে জয়ী।

ম্যাচসেরা: কুশল মেন্ডিস।

সিরিজ সেরা: চারিথ আসালাঙ্কা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন