বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি

আজ জিতলেই নতুন ইতিহাস

আজ জিতলেই নতুন ইতিহাস

সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ। টিম হোটেলে হাসিখুশি চেহারায় দেখা গেল পুরো দলকে। ঘরের মাঠে ১৪ মাস পর টি-টোয়েন্টি খেলতে নেমে প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছে দল। এ জয়ে ৯ বছর পর পাকিস্তানের বিপক্ষে কোনো টি-টোয়েন্টি ম্যাচ জেতে বাংলাদেশ। আজ স্বপ্ন আরো বড়। প্রথমবারের মতো সিরিজ জয়ের লক্ষ্যে আজ মিরপুরে সন্ধ্যা ৬টায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের আনন্দে ভাসবে দল।

প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট-বলের দারুণ সমন্বয়ে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের লিড ১-০। ইনজুরি সমস্যা না হলে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে কোনো পরিবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীণ।

বিজ্ঞাপন

মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান উইকেটের সঙ্গে খাপ খাওয়াতে ব্যর্থ। দলের শীর্ষ ব্যাটাররা ব্যর্থ। ওপেনার ফখর জামানের ৪৪ রান ছাড়া দলের পরের পাঁচ ব্যাটারের সম্মিলিত সংগ্রহ ছিল মাত্র ১৬ রান! বাজে শট এবং তিনটি রান আউটের ফাঁদে পড়ে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১১০ রানে। উইকেটকিপার মোহাম্মদ হারিস হাস্যকর কায়দায় কয়েকটি ক্যাচ মাটিতে ফেলেন। আজ একাদশে হারিস জায়গা হারালে অবাক হওয়ার কিছু নেই। সিরিজ বাঁচাতে হলে আজ পাকিস্তানকে জিততেই হবে।

গতকাল দুই দলের কেউই অনুশীলন করেনি। মিরপুরে ছিল না তেমন কোনো ব্যস্ততা। তবু ঢেকে রাখা হয়েছিল উইকেট। গত সপ্তাহে টানা বৃষ্টির পর উইকেট ঢেকে রাখায় পর্যাপ্ত রোদ পায়নি উইকেটগুলো। ফলে উইকেটের আচরণে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ উইকেট খানিকটা ভেজা থাকায় পেসারদের দাপট থাকার সম্ভাবনাই বেশি।

২০১৫ ও ২০১৬ সালে দুবার মিরপুরে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর আর কখনোই ম্যাচ জেতা হয়নি দেশটির বিপক্ষে। সেই মিরপুরেই ফের ৯ বছর পর ম্যাচ হারানোর স্বাদ পাওয়া বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের সুযোগ।

পারবে বাংলাদেশ ইতিহাস গড়তে?

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন