ফুটবলার জ্যাকসন রদ্রিগেজের খোঁজে দরজা ভেঙে বাসায় ঢুকে পড়েছিল ডাকাত দল। কিন্তু এ সময় ভয়ে বিছানার নিচে লুকিয়ে ছিলেন ইকুয়েডরের শীর্ষ লিগের ক্লাব এমেলেকের এ রক্ষণভাগের ফুটবলার। রদ্রিগেজকে না পেয়ে ডাকাতরা অপহরণ করেছে তার স্ত্রী ও পাঁচ বছরের ছেলেকে। রদ্রিগেজ নিজেই ঘটনার তদন্তকারীদের কাছে এ তথ্য জানিয়েছেন। রদ্রিগেজের স্ত্রী ও সন্তান অপহৃত হওয়ার খবরটি নিশ্চিত করেছে দেশটির পুলিশ। বন্দরনগরী গুয়াইয়াকিলে স্থানীয় সময় বুধবার রাত তিনটায় অপহরণের এ ঘটনা ঘটে। এমনটাই জানিয়েছেন পুলিশপ্রধান এদিসন রদ্রিগেজ।
পুলিশের কাছে দেওয়া জবানবন্দীতে ২৬ বছরের রদ্রিগেজ বলেন, বাড়ির সদর দরজা ভাঙার শব্দ শুনেই বিছানার নিচে লুকিয়ে ছিলেন। দ্য সান জানিয়েছে, ডাকাতরা তার বাসায় লুটপাট করেছে। রদ্রিগেজ বাসায় আছে কি না, তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেছিল দুষ্কৃতকারীরা। পরে ধূসর রঙের পিকআপে করে রদ্রিগেজের স্ত্রী ও সন্তানকে অপহরণ করে তারা।
সংঘবদ্ধ অপরাধ মোকাবিলায় দশ দিন আগে দেশটির ৯টি স্থানে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইকুয়েডর সরকার। এর মধ্যে রয়েছে গুয়াইয়াস প্রদেশ। সেখানকার একটি শহর হলো গুয়াইয়াকিল। এ সব জায়গায় সহিংস ঘটনা বাড়ায় নিরাপত্তা বাহিনীর টহল বাড়ানো হয়েছিল। তারমধ্যেই ঘটল এমন দুঃখজনক ঘটনা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

